সক্ষম ব্যক্তি ও প্রতিষ্ঠানকে করজালে আনার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সক্ষম ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের করজালে আনার উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন বিভিন্ন ব্যবসায়ী নেতা। তাঁদের দাবি, করজাল বাড়ানো গেলে সরকার আগামী বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে কাঙ্ক্ষিত রাজস্ব অর্জন করতে সক্ষম হবে। জেলা-উপজেলা পর্যায়ে বার্ষিক উপার্জন ১০ লাখ থেকে ১৫ লাখ টাকা, এমন ব্যক্তিও রয়েছেন। কর আদায় পদ্ধতি সহনীয় করে এসব লোককে করজালে আনা সম্ভব।গতকাল শনিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত চলমান প্রাক্-বাজেট আলোচনায় বিভিন্ন চেম্বার প্রতিনিধিরা এ প্রস্তাব দেন। সভায় সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ।চেম্বার প্রতিনিধিরা অপ্রদর্শিত অর্থ অর্থনীতির মূল স্রোতে আনতে এনবিআরকে আরও সহজ হওয়ার তাগিদ দেন। তাঁরা বলেন, মানুষের কাছে হাজার হাজার কোটি টাকা অপ্রদর্শিত অর্থ রয়েছে, যা অর্থনীতির মূল স্রোতের বাইরে রয়েছে। এসব অর্থ বিনিয়োগে আনতে এনবিআর আদেশ (এসআরও) জারি করতে পারে। এ ক্ষেত্রে ১০ শতাংশ কর দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে।ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সহসভাপতি হায়দার আহমেদ খান ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব দেন। তিনি বলেন, বর্তমান মূল্যস্ফীতিতে এক লাখ ৮০ হাজার টাকা (করমুক্ত আয়সীমা) যুক্তিযুক্ত নয়। এ ক্ষেত্রে ন্যায়বিচার দরকার।ঢাকা মেট্রোপলিটন চেম্বারের মহাসচিব ফারুক আহমেদ ব্যবসায়ী সংগঠন (চেম্বার) করের আওতা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান। তিনি বলেন, এসব চেম্বার অব্যবসায়ী প্রতিষ্ঠান। এখান থেকে আয় কোনো সদস্যের মধ্যে বণ্টন করা হয় না। গবেষণাসহ অন্যান্য কাজে ব্যয় করা হয়।ডিসিসিআইয়ের সাবেক পরিচালক ও সিলেট চেম্বারের প্রতিনিধি এম এস সেকিল চৌধুরী বলেন, আগামী বাজেটে পুঁজিবাজারের জন্য প্রণোদনা থাকা দরকার। এতে বাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা উপকৃত হবেন। এ ছাড়া বিদেশি বিনিয়োগ আসতে বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা এবং প্রবাসী-আয় সঠিক উপায়ে (ব্যাংকিং চ্যানেলে) দেশে আনার জন্য নগদ প্রণোদনার ব্যবস্থা রাখার প্রস্তাব দেন তিনি।চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি এ এম মাহবুব চৌধুরী সম্পূরক কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা এবং বিদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে ব্যাংকিং ডকুমেন্ট ছাড়া শিপিং কোম্পানির পণ্য খালাসের বিরোধিতা করেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন এনবিআরের সদস্য নাসিরউদ্দিন, সৈয়দ আমিনুল করিম, ফরিদ উদ্দিন প্রমুখ।