সচিবদের পিইসি সভায় থাকতে হবে
প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় সচিব অথবা দায়িত্বশীল কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত না থাকলে এখন থেকে ওই মন্ত্রণালয়ের কোনো প্রকল্প আর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে না।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গতকাল ‘প্রকল্প মূল্যায়ন ও নিবিড় পরিবীক্ষণ প্রতিবেদন উপস্থাপন’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এনইসি সম্মেলন কক্ষে কর্মশালাটির আয়োজন করে।
কর্মশালায় পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন, আইএমইডি সচিব শহীদ উল্লা খন্দকার উপস্থিত ছিলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘পিইসি সভায় এখন থেকে সংশ্লিষ্ট সচিব ও প্রকল্প পরিচালকদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট মন্ত্রীকে আমি আধা সরকারি পত্র (ডিও লেটার) দেব এবং প্রয়োজনে প্রধানমন্ত্রীকেও বিষয়টি অবহিত করব।’