সচিবালয়ে কর তথ্য ও সেবা কেন্দ্র চালু
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সচিবালয়ে অস্থায়ী কর তথ্য ও সেবাকেন্দ্র করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তাঁরা যাতে ২০১৫-১৬ করবর্ষের তথ্য ও পরামর্শ নিতে পারেন, সে জন্য অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সম্মেলনকক্ষে এ কেন্দ্র স্থাপন করা হয়েছে। ৬ থেকে ১০ সেপ্টেম্বর প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত এ কেন্দ্র খোলা থাকবে।
কর কর্মকর্তারা আয়কর বিবরণী জমা বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দেবেন। এখান থেকে প্রয়োজনীয় ফরম, পরিপত্র ও বিবরণী জমার নির্দেশিকাও দেবেন। এ কেন্দ্রে আয়কর বিবরণী জমা দেওয়া যাবে না।
গতকাল রোববার এ কেন্দ্রটি উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় আয়কর অধ্যাদেশ ও সর্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে আয়কর বিবরণী জমার শর্ত শিথিল করার পরামর্শ দেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘অনেকেই কর দিতে গিয়ে মনে করেন আটকে গেলাম। এ ভয়ে অনেকে কর দিতে চান না।’
অর্থমন্ত্রীর মতে, যদি ১০ শতাংশ মানুষকে করের আওতায় আনা যায়, তবে ১ কোটি ৬০ লাখ করদাতা তৈরি হবে। এটি ধীরে ধীরে সম্ভব। এ জন্য ব্যাপক প্রচারণা চালাতে হবে।
এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা প্রমুখ।