সচিবালয় সরাতে দুই হাজার কোটি টাকার প্রকল্প
সচিবালয় সরাতে দুই হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। শেরেবাংলা নগরে নতুন জাতীয় সচিবালয় হবে। জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কানের মূল পরিকল্পনা অনুসারে এ সচিবালয় হচ্ছে।
এ প্রকল্পটি বাস্তবায়ন করতে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ২০৯ কোটি টাকা। জাতীয় সচিবালয় নির্মাণের কাজ এ বছর শুরু হয়ে ২০১৮ সালের জুন মাসের মধ্যে শেষ হবে। চলতি অর্থবছরে ৪৪১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে।
আগামীকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য ওঠানো হবে।
চন্দ্রিমা উদ্যানের উত্তর ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পশ্চিম দিকে, যেখানে প্রতিবছর বাণিজ্য মেলা হয়, সেখানেই ৩২ একর জমির ওপরে সচিবালয় তৈরি করা হবে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এ প্রকল্প বাস্তবায়ন করবে।
প্রকল্প প্রস্তাব অনুসারে, সচিবালয়ের মূল ভবনে চারটি ব্লক হবে। এর আয়তন হবে প্রায় আড়াই লাখ বর্গমিটার। এ ছাড়া আরেকটি ভবনের দুটি ব্লক হবে, তাতে ৫৪ হাজার বর্গমিটার হবে। এ ছাড়া থাকবে মিলনায়তন, হলরুম ও মসজিদ।
জানতে চাইলে নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তর হলে পূর্ব ঢাকা, বিশেষ করে বারিধারা, গুলশান, বাড্ডা, রামপুরা এসব এলাকার লোকজনের যেতে সমস্যা হবে। কেননা, পূর্ব-পশ্চিমে সড়ক খুব বেশি নেই। তিনি আরও বলেন, সচিবালয় হওয়া উচিত শহরের কেন্দ্রে, যেখানে সব দিক থেকে মানুষ আসতে পারে।
বর্তমান সচিবালয়টি তৎকালীন প্রাদেশিক সরকারের সচিবালয় হিসেবে নির্মাণ করা হয়েছে। কিন্তু স্বাধীনতার পর থেকে গত ৪৪ বছরে সরকারের কর্মকাণ্ড বহু গুণ বেড়েছে। কিন্তু সে অনুযায়ী অফিস স্পেস বা আকার বাড়েনি। আর বর্তমান কমপ্লেক্সটি সম্প্রসারণের সুযোগ নেই।
১৯৭৪ সালে শেরেবাংলা নগরের ৪২ একর জমির ওপর ১০টি ব্লকে চারটি নয়তলা ভবনসহ অফিস, ব্যাংক, মিলনায়তন, মসজিদ, কার পার্কিং ইত্যাদি-সংবলিত জাতীয় সচিবালয় নির্মাণের জন্য সরকার ও যুক্তরাষ্ট্রের ডেভিড উইজডম অ্যান্ড অ্যাসোসিয়েটস কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছিল। পরে এর কোনো অগ্রগতি হয়নি। ইতিমধ্যে সেখানকার ১০ একর জমিতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এতে সচিবালয়ের জন্য নির্ধারিত জমি কমে দাঁড়িয়েছে ৩২ একর। তাই লুই আই কানের নকশা স্থাপত্য অধিদপ্তরের মাধ্যমে কিছুটা সংশোধন করা হয়েছে।