সঞ্চয়পত্রের মুনাফা ব্যাংক হিসাবেও পাওয়া যাবে
এখন থেকে সঞ্চয়পত্রের গ্রাহকেরা চাইলে ব্যাংক হিসাবের মাধ্যমেও মুনাফার টাকা সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি মেয়াদ শেষে মূল টাকাও ব্যাংক হিসাবের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন গ্রাহকেরা।
বাংলাদেশ ব্যাংক ও তফসিলভুক্ত অন্যান্য ব্যাংকের মাধ্যমে যাঁরা সঞ্চয়পত্র কিনবেন বা কিনেছেন কেবল তাঁরাই এ সুবিধা পাবেন। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, স্বয়ংক্রিয় পদ্ধতিতে অর্থ স্থানান্তর বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) আওতায় বাংলাদেশ ব্যাংকের সব শাখা থেকে সঞ্চয়পত্রের মুনাফা ও মূল টাকা ব্যাংক হিসাবে স্থানান্তরের কার্যক্রম শুরু হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অনেকগুলো তফসিলি ব্যাংকে আগে থেকে এ ব্যবস্থা কার্যকর ছিল। নতুন করে বাংলাদেশ ব্যাংক এ ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছে। তাই কোনো গ্রাহক এখন থেকে চাইলে তাঁর নিজের ব্যাংক হিসাবের মাধ্যমে মুনাফা ও মূল টাকা সংগ্রহ করতে পারবেন। এ জন্য ব্যাংকে এসে লাইন দিতে হবে না। তবে ডাকঘরের মাধ্যমে যাঁরা সঞ্চয়পত্র কিনেছেন তাঁরা আপাতত এ সুবিধা পাবেন না।
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে চার ধরনের সঞ্চয়পত্র রয়েছে। সেগুলো হলো পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র ও অবসর ভাতাভোগী বা পেনশনার সঞ্চয়পত্র। শেষের দুই সঞ্চয়পত্রের বিপরীতে মুনাফা দেওয়া হয় প্রতি মাসে। আর পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্রে সাধারণত মুনাফা বণ্টন করা হয় মেয়াদপূর্তির পর। এসব সঞ্চয়পত্রের বর্তমান মুনাফার হার সর্বনিম্ন ১১ দশমিক ০৪ থেকে সর্বোচ্চ ১১ দশমিক ৭৬ শতাংশ পর্যন্ত।