সঞ্চয়পত্রের সুদহার কমায় ঋণের সুদও কমে আসবে
সঞ্চয়পত্রের সুদের হার কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন আশা করছে, সঞ্চয়পত্রের সুদের হার প্রায় ২ শতাংশ কমানোর ফলে ব্যাংকঋণের সুদহারও কমে আসবে। গতকাল সোমবার পাঠানো এফবিসিসিআইয়ের এক বিজ্ঞপ্তিতে এমন মন্তব্য করা হয়েছে।
এফবিসিসিআই সঞ্চয়পত্রের সুদহার কমানোর মাধ্যমে ব্যাংকের সুদের স্প্রেড (আমানত ও ঋণের সুদহারের পার্থক্য) এবং ঋণের সুদহার কমানোর দাবি জানিয়ে আসছে।
এদিকে চাল আমদানিতে ১০ শতাংশ শুল্ক আরোপ করার সরকারি সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছে এফবিসিসিআই। সংগঠনটি মনে করে এর ফলে কৃষক ন্যায্য মূল্য পাবেন।
চালের ওপর কোনো শুল্ক না থাকায় অবাধে চাল আমদানি হয়েছে। সে কারণে দেশের কৃষকেরা তাঁদের উৎপাদিত ধান-চাল ন্যায্য মূল্যে বিক্রি করতে পারছিলেন না। ফলে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। এ অবস্থায় সরকার চাল আমদানিতে ১০ শতাংশ শুল্ক আরোপ করায় কৃষকেরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, অর্থমন্ত্রী গত রোববার সংসদীয় স্থায়ী কমিটিগুলোর সভাপতিদের সঙ্গে অনুষ্ঠিত প্রাক্-বাজেট আলোচনায় পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের সুদের হার কমিয়ে ১১ দশমিক ১৬ শতাংশ করার কথা জানান। একই অনুষ্ঠানে অর্থমন্ত্রী গত রোববার থেকেই চাল আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের তথ্যও জানান।