সঞ্চয়পত্রের সুদের হার কমল
সঞ্চয়পত্রের সুদের হার প্রায় ২ শতাংশ কমল। পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের সুদের হার ছিল ১৩ দশমিক ১৯ শতাংশ। কমিয়ে তা করা হয়েছে ১১ দশমিক ১৬ শতাংশ।
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিদের সঙ্গে গতকাল রোববার এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত প্রাক্-বাজেট অালোচনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সঞ্চয়পত্রের সুদের হার কমানো হয়েছে বলে জানান।
দেশে বর্তমানে পাঁচ ধরনের সঞ্চয়পত্র রয়েছে। প্রায় ২ শতাংশ করে সব ধরনের সঞ্চয়পত্রের সুদের হারই কমানো হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। অবশ্য একটির সুদের হার কমানোর কথাই অর্থমন্ত্রী সুনির্দিষ্ট করে উল্লেখ করেন।
এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি হয়েছে কি না, জানতে চাইলে জাতীয় সঞ্চয় পরিদপ্তরের কেউই কথা বলতে রাজি হননি। সংস্থাটির একটি সূত্র অবশ্য জানায়, সুদের হার কমানোর বিষয়ে গতকাল কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। তবে অর্থমন্ত্রী যদি বলে থাকেন, এ সপ্তাহে যেদিনই প্রজ্ঞাপন জারি হোক না কেন, রোববার থেকেই তা কার্যকর হবে।
পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ও পেনশনার সঞ্চয়পত্রের সুদের হার ১৩ দশমিক ১৯ শতাংশ, তিন বছর মেয়াদি তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের সুদের হার ১২ দশমিক ৫৯ শতাংশ এবং ডাকঘর ও পরিবার সঞ্চয়পত্রের সুদের হার ১৩ দশমিক ৪৫ শতাংশ।
অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এ সুদের হার থেকে প্রতিটির প্রায় ২ শতাংশ করে কমবে।
জানা গেছে, উচ্চ সুদের হারের কারণে সরকারের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। গত ফেব্রুয়ারি পর্যন্ত ২৬ হাজার কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। এ ছাড়া আগে কেনা সঞ্চয়পত্রের আসল এবং সুদ বাবদ এ সময়ে সরকার ৮ হাজার ২৫০ কোটি টাকা পরিশোধ করেছে।