সঞ্চয়ে উৎসাহ দিতে অর্থ সপ্তাহ পালিত হবে বাংলাদেশেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের অর্থ সঞ্চয়ে উৎসাহ দিতে বিশ্বের ১১৭টি দেশের পাশাপাশি বাংলাদেশেও ‘গ্লোবাল মানি উইক’-২০১৫ পালিত হবে। চাইল্ড অ্যান্ড ইয়ুথ ফিন্যান্স ইন্টারন্যাশনালের (সিওয়াইএফএল) উদ্যোগে ২০১২ সাল থেকে বিশ্বব্যাপী এ সপ্তাহটির আয়োজন করা হচ্ছে।
এবারের বিশ্ব অর্থ সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে ‘আজকের সঞ্চয়, আগামীকালের নিরাপত্তা’ (সেভ টুডে, সেফ টুমরো)। আন্তর্জাতিকভাবে ৯-১৭ মার্চ এ সপ্তাহটি পালিত হলেও বাংলাদেশে উদ্বোধন হবে ১০ মার্চ বিকেলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিলনায়তনে। আর সমাপনী অনুষ্ঠান হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে গ্লোবাল মানি উইকের আহ্বায়ক ও ড্যাফোডিল ইউনিভার্সিটির সহ-উপাচার্য গোলাম রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও ঢাকা স্টক এক্সচেঞ্জের সহায়তায় বাংলাদেশে গ্লোবাল মানি উইকের আয়োজন করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
বাংলাদেশে এই সপ্তাহ উপলক্ষে অর্থ সঞ্চয় নিয়ে আলোচনা, গল্প বলা, ব্যাংক নোট ও কয়েন প্রদর্শনী, র্যা লি, রচনা লেখা প্রতিযোগিতা হবে।