সঞ্চালন ও বিতরণ লাইনের দুর্বলতার কারণে সারা দেশে গত শনিবার বিদ্যুৎ বিপর্যয় হয়েছিল বলে জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সচিবালয়ে গতকাল রোববার বিদ্যুৎসচিব মনোয়ার ইসলামের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। এ বৈঠকের আগে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদুত আলেক্সজান্ডার এ নিকোলাভের সঙ্গেও আলাদা একটি বৈঠক করেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, ‘শনিবারের ঘটনার জন্য ভারত দায়ী নয়, আমাদের সঞ্চালন লাইনই দায়ী। আমাদের সঞ্চালন ও বিতরণব্যবস্থা অনেক খারাপ মানের।’
বৈঠকে বিদ্যুৎসচিবের কাছে কিছু বিষয় জানতে চেয়েছেন বলে সাংবাদিকদের বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘তাঁকে আমি জিজ্ঞাসা করেছি, আমাদের উৎপাদনক্ষমতা বেশি হওয়া সত্ত্বেও উৎপাদন এত কম কেন? উৎপাদন তো হওয়া উচিত অন্তত ৮০ শতাংশ।’
বিদ্যুৎসচিব অর্থমন্ত্রীকে এ ব্যাপারে কী জবাব দিয়েছেন তা আর সাংবাদিকদের অবহিত করেননি তিনি। তবে মন্ত্রী বলেন, ‘আমাদের এখানে ৩৫, ১০০ ও ৩০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রের পরিবর্তে কয়েকটি হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র হওয়া দরকার।’
বর্তমানে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনক্ষমতা প্রায় ১১ হাজার মেগাওয়াট, উৎপাদন হচ্ছে সাত হাজার মেগাওয়াট।
শনিবারের বিপর্যয়ের পেছনে তাহলে অন্য কোনো কারণই নেই—এ রকম প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘না। অন্য কোনো কারণ নেই।’
সঞ্চালন ও বিতরণব্যবস্থা দুর্বল হলে তো বারবারই এ রকম ঘটনা ঘটতে পারে, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘তা হতে পারে। কিন্তু বারবার তো আর হয় না। হয় ৫-১০ বছর পর পর।’
বিদ্যুৎ বিপর্যয়ের কারণে কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, জানতে চাইলে মন্ত্রী তা হিসাব করে বের করতে হবে বলে জানান। তিনি বলেন, ‘অন্য দিনের তুলনায় অবশ্য শনিবার বিদ্যুৎ খরচ হয় অর্ধেক।’
রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একধরনের বাণিজ্যিক নিষেধাজ্ঞা রয়েছে। আমরা প্রয়োজনে ঝুঁকি নেব।’
রাশিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে একটি যৌথ কমিশন গঠনের সম্ভাবনার কথাও জানান অর্থমন্ত্রী।