ব্যাংক ব্যবস্থার ঋণের মান অনুযায়ী নির্ধারিত পরিমাণ অর্থ পৃথকভাবে সংরক্ষণের বিধান রয়েছে, যা ব্যাংকগুলোকে মুনাফা থেকে সংরক্ষণ করতে হয়। তবে সেপ্টেম্বর শেষে আট ব্যাংক নির্ধারিত পরিমাণ সঞ্চিতি সংরক্ষণে ব্যর্থ হয়েছে। যার পরিমাণ ৪ হাজার ৩৮২ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর ৩৭ হাজার ২২৮ কোটি টাকা সঞ্চিতি রাখার প্রয়োজন ছিল। তবে ব্যাংকগুলো সংরক্ষণ করতে সক্ষম হয়েছে ৩২ হাজার ৮৪৬ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে বেসরকারি খাতের স্ট্যান্ডার্ড ব্যাংকের সঞ্চিতির ঘাটতি দাঁড়িয়েছে ৫০ কোটি টাকা, প্রিমিয়ার ব্যাংকের ২৫৫ কোটি, বাংলাদেশ কমার্স ব্যাংকের ২৫৩ কোটি ও ন্যাশনাল ব্যাংকের ১৬৮ কোটি টাকা। বেসিক ব্যাংকের ঘাটতি বেড়ে হয়েছে ৩ হাজার ৭৮৯ কোটি টাকা, সোনালী ব্যাংকের ঘাটতি কিছুটা কমে হয়েছে ১ হাজার ২৮ কোটি টাকা ও রূপালী ব্যাংকের ঘাটতি ৭৫৫ কোটি টাকা। এ ছাড়া বিশেষায়িত খাতের বাংলাদেশ কৃষি ব্যাংকের ঘাটতি ১৯৬ কোটি টাকা।