সঞ্চয়পত্র কিনে বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সঞ্চয়পত্র কিনে বিপাকে পড়েছে দেশের ব্যাংক ও করপোরেট কোম্পানিগুলো। গ্র্যাচুইটি তহবিলের টাকায় সঞ্চয়পত্র কেনা হলেও বিপরীতে সরকার কোনো মুনাফা দিচ্ছে না।
দেড় বছর ধরে আটকে রেখে সরকার এখন বলছে, কোনো মুনাফা দেওয়া হবে না। বিনিয়োগকারীরা চাইলে নগদায়ন বা মূল টাকা ফেরত নিয়ে যেতে পারেন।
কমপক্ষে পাঁচ বা সাত বছর চাকরি পার হওয়ার পর বেসরকারি ব্যাংক ও করপোরেট কোম্পানিগুলো কর্মকর্তা-কর্মচারীদের গ্র্যাচুইটি সুবিধা দিয়ে থাকে। চাকরি থেকে স্বেচ্ছায় চলে যাওয়া বা অবসরে যাওয়ার পর সেবার স্বীকৃতিস্বরূপ কর্মকর্তা-কর্মচারীদের এককালীন যে অর্থ দেওয়া হয়, তা-ই হচ্ছে গ্র্যাচুইটি।
এ সুবিধা দেওয়ার জন্য প্রতিটি ব্যাংক ও করপোরেট কোম্পানির একটি তহবিল রয়েছে, যা গ্র্যাচুইটি তহবিল নামে পরিচিত। সেই তহবিলের অর্থ দিয়েই দীর্ঘ বছর থেকে ‘পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র’ কিনে আসছে ব্যাংক ও করপোরেট কোম্পানিগুলো।
বিদ্যমান ১৯৭৭ সালের সঞ্চয়পত্র বিধি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্য তহবিলের অর্থ পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যায়। কিন্তু গ্র্যাচুইটি তহবিলের অর্থ এ সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যায় না। জানা গেছে, মুনাফা না দেওয়ার জন্য এ বিষয়টিকেই সামনে নিয়ে এসেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) অধীন সংস্থা জাতীয় সঞ্চয় অধিদপ্তর।
তবে জাতীয় রাজস্ব বোর্ডেরই (এনবিআর) নির্দেশনা রয়েছে যে, ১৯৮৪ সালের আয়কর বিধির ৫৮ডি ধারা অনুযায়ী গ্র্যাচুইটি তহবিলের অর্থে পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্র কেনা যাবে। ২০০৭ সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাংক ও করপোরেট কোম্পানিকে এমন নির্দেশনা দিয়েছে এনবিআর। আর সেটা মেনেই তারা পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্রে বিনিয়োগ করে আসছে।
কিন্তু গ্র্যাচুইটি তহবিলের অর্থে চলমান বিনিয়োগ সুবিধা বন্ধে ২০১৪ সালের জুলাইয়ে প্রথম উদ্যোগ নেয় আইআরডি। বাংলাদেশ ব্যাংককে এক চিঠি দিয়ে আইআরডি জানায়, এ সুবিধা আর দেওয়া যাবে না—বাংলাদেশ ব্যাংক যাতে ব্যাংকগুলোকে তা বলে দেয়। এর ভিত্তিতে একই বছরের ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংক সব ব্যাংকের এমডিদের উদ্দেশে চিঠি দেয়। এতে মুনাফা ছাড়াই সঞ্চয়পত্র ভাঙিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
কেন এমন কাজ করা হলো—জানতে চাইলে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের পরিচালক আয়েজউদ্দিন আহমেদ গত শনিবার প্রথম আলোকে বলেন, ‘গ্র্যাচুইটি তহবিলের অর্থে পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্র কেনার নিয়ম নেই। যারা বিক্রি করেছে, তারা ভুল করে বিক্রি করেছে; আর যারা কিনেছে, তারাও ভুল করে কিনেছে।’
এ ভুলের দায় এখন কে নেবে—জানতে চাইলে আয়েজউদ্দিন বলেন, ‘এ বিষয়ে আমরা সরকারের নির্দেশনা এখনো পাইনি।’
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস বাংলাদেশ (এবিবি) সূত্রে জানা গেছে, প্রায় ৫০০ কোটি টাকা বিনিয়োগের বিপরীতে ব্যাংক ও করপোরেট কোম্পানিগুলোর ২০০ কোটি টাকার মুনাফা জমেছে সরকারের কাছে। এ টাকা সরকার নিজের প্রয়োজনে খাটিয়েছে, এখনো খাটিয়ে যাচ্ছে।
তারপরও তাঁদের প্রতি সরকারের আচরণের ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না কেউই। আইআরডি সূত্রে জানা গেছে, প্রাইম ব্যাংক, ঢাকা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ইউনাইটেড লিজিং, বার্জার পেইন্টস ইত্যাদি কোম্পানির মূল টাকা ও মুনাফা আটকে রয়েছে। অনেক কোম্পানি অবশ্য মুনাফাসহ আসল টাকা পেয়ে গেছে। তারা তাদের কর্মকর্তা-কর্মচারীদের গ্র্যাচুইটি সুবিধাও দিয়ে দিয়েছে।
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের পাশাপাশি ডাকঘর ও বিভিন্ন ব্যাংক সঞ্চয়পত্র বিক্রি করে, এমনকি বাংলাদেশ ব্যাংক নিজেও বিক্রি করে। যোগাযোগ করলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা প্রথম আলোকে বলেন, ‘আমারও মনে হয়, গ্র্যাচুইটি তহবিলের অর্থে ব্যাংকগুলোর কাছে ভুল করে সঞ্চয়পত্র বিক্রি করা হয়েছে।’ শিগগির এর সমাধান হওয়া উচিত বলে তিনি মনে করেন।
এদিকে বঞ্চিত ব্যাংকগুলোর জন্য ‘কিছু একটা’ করার জন্য এবিবিতে একের পর আবেদন করে যাচ্ছে বেসরকারি ব্যাংকগুলো। সেই আবেদন আমলে নিয়ে গত ১০ নভেম্বর এবিবির চেয়ারম্যান আলী রেজা ইফতেখার একটি আবেদন করেন আইআরডির সচিব নজিবুর রহমানের কাছে, যিনি এনবিআরেরও চেয়ারম্যান।
তার আগে গত বছরের ফেব্রুয়ারিতে নজিবুর রহমানের কাছে একই দাবিতে আবেদন করে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)। তাঁর কাছে ‘যথাযথ নির্দেশনা’ চেয়ে আবেদন করেছেন জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক মাহমুদা আক্তার মীনা।
নজিবুর রহমান গত শনিবার প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে গত সপ্তাহে একটি সভা হয়েছে। বিনিয়োগকারীদের দিকটি আমরা ইতিবাচকভাবেই দেখছি। খুব শিগগির এর একটি সমাধান হবে।’