সঞ্চয়পত্র বিক্রি দুই মাসে বেড়েছে
চলতি অর্থবছরের শুরুতেই সঞ্চয়পত্র বিক্রি তুলনামূলক বেড়েছে।
চলতি বছরের জুলাই-আগস্ট এই দুই মাসে সঞ্চয়পত্রের প্রকৃত বিক্রি হয়েছে এক হাজার ৩১৬ কোটি টাকা, যা গত অর্থবছরের তুলনায় প্রায় তিন গুণ।
গত অর্থবছরে (২০১২-১৩) একই সময়ে প্রকৃত বিক্রির পরিমাণ ছিল ৪৬২ কোটি টাকা। জাতীয় সঞ্চয় পরিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
নির্দিষ্ট সময়ে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের বিপরীতে ওই সময়ে আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্র নগদায়ন করার মাধ্যমে গ্রাহকদের মূল ফেরত দেওয়ার পর যা অবশিষ্ট থাকে, তাকেই নিট বা প্রকৃত বিক্রি ধরা হয়।
সঞ্চয় পরিদপ্তর সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসে প্রকৃত সঞ্চয়পত্র বিক্রির পরিমাণ ছিল ৬৯১ কোটি টাকা। আর জুলাই এর পরিমাণ ৬২৫ কোটি টাকা।
উল্লেখ্য, চলতি অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রি করে সরকারের নিট বা প্রকৃত প্রাপ্তিতে চার হাজার ৯৭১ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য রয়েছে।
তবে গত অর্থবছরে (২০১২-১৩) সরকার লক্ষ্যের মাত্র এক-তৃতীয়াংশ ঋণ নিতে সমর্থ হয়েছে। ২০১২-১৩ অর্থবছরে সরকার ৭৭২ কোটি টাকার প্রকৃত সঞ্চয়পত্র বিক্রি করেছিল। গত অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রি করে প্রকৃত প্রাপ্তিতে ঋণ নেওয়ার কথা ছিল এক হাজার ৯৭৩ কোটি টাকা।