সঞ্চয়পত্র বিক্রি বাড়ছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ব্যাংকে সুদের হার ক্রমে কমতে থাকায় সাধারণ মানুষ বিনিয়োগের বিকল্প জায়গা হিসেবে সঞ্চয়পত্রকেই বেছে নিচ্ছেন। সঞ্চয়পত্রেই মানুষ ভরসা রাখছেন। সুদের হার কমানোর পরও কয়েক মাস ধরে সঞ্চয়পত্র বিক্রি বাড়ছে। সঞ্চয়পত্রে অবশ্য আনুষ্ঠানিকভাবে সুদহার নয়, মুনাফার হার বলা হয়।
এদিকে ব্যাংকের সুদের হার কম থাকা ও সঞ্চয়পত্র বিক্রির প্রবণতা বেড়ে যাওয়ার সুযোগ নিচ্ছে সরকার। সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা বৃদ্ধি করে ২১ হাজার কোটি টাকার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শে আরেক দফা মুনাফার হার কমানোরও উদ্যোগ নেওয়া হয়েছে।
চলতি ২০১৫-১৬ অর্থবছরের বাজেট ঘাটতি পূরণে সঞ্চয়পত্র বিক্রি করে ১৫ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নিয়েছিল সরকার। কিন্তু সঞ্চয়পত্র বিক্রি বেড়ে যাওয়ায় লক্ষ্যটি ছয় হাজার কোটি টাকা বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। সংশোধিত বাজেটে এটি অন্তর্ভুক্ত করা হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর শেষে ব্যাংকগুলোতে আমানত গড় সুদের হার ছিল ৬ দশমিক ৩৪ শতাংশ। এর বিপরীতে চার ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার ১১ দশমিক শূন্য ৪ শতাংশ থেকে ১১ দশমিক ৭৬ শতাংশ। ফলে সাধারণ মানুষের কাছে বিনিয়োগের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই সঞ্চয়পত্র এখনো অনেক বেশি লাভজনক।
বর্তমানে দেশে চার ধরনের সঞ্চয়পত্র আছে। এগুলো হচ্ছে পাঁচ বছর মেয়াদি পরিবার ও পেনশনার সঞ্চয়পত্র এবং পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ও তিন বছর মেয়াদি তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। গত বছরের মে মাসে সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার ২ শতাংশ কমানো হয়। সঞ্চয়পত্রভেদে তখন মুনাফার হার ছিল ১২ দশমিক ৫৯ শতাংশ থেকে ১৩ দশমিক ৪৫ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ছয় মাস শেষে সঞ্চয়পত্রের নিট বিক্রি হয়েছে ১৩ হাজার ৩০৫ কোটি টাকা, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ২৯ শতাংশ বেশি।
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে বেশি মুনাফা পাওয়া যায় পেনশনার সঞ্চয়পত্রে। পাঁচ বছর মেয়াদি এই সঞ্চয়পত্রে ১১ দশমিক ৭৬ শতাংশ মুনাফা। পরিবার সঞ্চয়পত্রে যা ১১ দশমিক ৫২ শতাংশ। পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে মুনাফার হার ১১ দশমিক ২৮ শতাংশ। অন্যদিকে একই মেয়াদের তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে মুনাফার হার ১১ দশমিক শূন্য ৪ শতাংশ।
জানতে চাইলে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের পরিচালক আয়েজউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, সঞ্চয়পত্র বিক্রি করে সরকার কত টাকা নিতে চায়, সেই নতুন লক্ষ্য এখনো চূড়ান্ত হয়নি। শিগগিরই চূড়ান্ত হবে। তাঁর মতে, চলতি অর্থবছরে সঞ্চয়পত্রে মুনাফার হার কমানোর ফলে সরকারের অর্থ সাশ্রয় হচ্ছে। তবে মানুষের সুবিধা কমে গেছে। এ ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলোর দায়িত্বও আছে। ব্যাংকের সুদের বেশ কম, ৭ শতাংশের মতো। সেই তুলনায় সঞ্চয়পত্রের মুনাফার হার ভালো।