সঞ্চয়পত্র বিক্রিতে ব্যাংকের সহযোগিতার পরামর্শ
অভিযোগ রয়েছে, সঞ্চয়পত্র বিক্রিতে ব্যাংকগুলোর কোনো আগ্রহ নেই। ব্যাংকগুলো বরং নিজেদের স্থায়ী আমানতে গ্রাহককে টাকা রাখতে উৎসাহিত করছে। এ অবস্থায় সঞ্চয়পত্র বিক্রিতে ব্যাংকগুলোকে সহযোগিতা করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।বাংলাদেশ ব্যাংক কয়েক দিন আগে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোতে পাঠায়।এতে বলা হয়েছে, জাতীয় সঞ্চয় কার্যক্রমকে উৎসাহিত এবং উন্নয়নমূলক কাজে অর্থ জোগানের লক্ষ্যে সম্প্রতি সরকার বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রের সুদহার বাড়িয়েছে। তা সত্ত্বেও লক্ষ করা যাচ্ছে, সঞ্চয়পত্র বিক্রির পরিমাণ আশানুরূপ বাড়েনি। বাংলাদেশ ব্যাংক বলছে, বিভিন্ন পর্যায় থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে, তফসিলি ব্যাংকগুলোর বিভিন্ন শাখা সঞ্চয়পত্র বিক্রির তালিকাভুক্তিতে থাকার পরও গ্রাহকদের নানা প্রক্রিয়ায় নিরুৎসাহিত করছে। সার্বিকভাবে তারা সঞ্চয়পত্র বিক্রিতে সহযোগিতা করে না। এ অবস্থায় বাংলাদেশ ব্যাংক তফসিলি ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে, সঞ্চয়পত্র বিক্রিতে সহযোগিতা করে দেশের সার্বিক উন্নয়নে সহযোগিতা করতে।প্রাপ্ত তথ্য অনুসারে, গত অর্থবছরে সঞ্চয়পত্রে সুদহার কমানোর পর থেকে বিক্রি কমতে থাকে। চলতি অর্থবছরের বেশির ভাগ সময়জুড়ে সঞ্চয়পত্র কেনায় গ্রাহকের আগ্রহ একেবারেই কমে যায়। এ অবস্থা থেকে সঞ্চয়পত্র বিক্রি বাড়াতে সরকার গত মার্চ থেকে সব ধরনের সঞ্চয়পত্রে সুদহার বাড়িয়ে দেয়। কিন্তু এতেও বিক্রি আশানুরূপ বাড়েনি। গত মার্চে সঞ্চয়পত্রের মোট বিক্রি হয়েছে ২ হাজার ২৫৫ কোটি টাকা। মূল ও সুদ পরিশোধ বাদ দিলে এ সময়ে নিট বিনিয়োগ এসেছে ১২৯ কোটি ১২ লাখ টাকা যা আগের মাস অর্থাৎ গত ফেব্রুয়ারিতে ছিল নেতিবাচক। এদিকে চলতি অর্থবছরের বাজেটে সরকার এ বছর সঞ্চয়পত্র বিক্রি করে জনগণের কাছ থেকে ঘাটতি বাজেটের ছয় হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে। কিন্তু অবস্থাদৃষ্টে এই অর্থ সংগ্রহের আশা তেমন নেই।