সঞ্চয়পত্রের নতুন মুনাফায় ফাঁকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরে সঞ্চয়পত্রের মুনাফার হার পুনর্বিন্যাস করায় বিনিয়োগকারীরা আর্থিকভাবে তেমন একটা লাভবান হবেন না। আর পুরোনো বিনিয়োগকারীরা প্রকৃত হিসাবে ক্ষতিগ্রস্ত হবেন। এভাবেই সঞ্চয়পত্রের মুনাফায় এক ধরনের শুভংকরের ফাঁকি তৈরি করা হয়েছে।২০১১-১২ অর্থবছরের বাজেটে মুনাফার হার বাড়ানোর কথা বলা হলেও মূলত সামাজিক নিরাপত্তা প্রিমিয়াম নামে বিনিয়োগকারীদের কিছু বাড়তি অর্থ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ক্ষেত্রে শর্ত দেওয়া হয়েছে, মেয়াদ শেষ হওয়ার আগে সঞ্চয়পত্র নগদায়ন করে ফেললে সামাজিক নিরাপত্তা প্রিমিয়াম সুবিধা পাওয়া যাবে না। অর্থা ৎ বাড়তি অর্থ পাওয়া যাবে না। এতে মূলত সঞ্চয়পত্রগুলোয় আগের মুনাফার হার কার্যকর থাকছে। চলতি অর্থবছরের প্রথম দিন বা ১ জুলাই থেকে বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রের বিদ্যমান মুনাফার হারের সঙ্গে শুধু সামাজিক নিরাপত্তা প্রিমিয়াম হিসাবে দশমিক ৩৮ শতাংশ থেকে ১ দশমিক ৩ শতাংশ পর্যন্ত হারে বাড়তি অর্থ প্রদানের ঘোষণা দেওয়া হয়।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই ঘোষণার মধ্য দিয়ে একদিকে যেমন বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে খুশি রাখার চেষ্টা করলেন অর্থমন্ত্রী। অন্যদিকে সাধারণ মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের একটু স্বস্তি দেওয়ার ধারণা দিলেন।সামাজিক নিরাপত্তা প্রিমিয়াম দেওয়ার ফলে গ্রাহক পর্যায়ে সার্বিক মুনাফার হার কিছুটা বেড়েছে। সবচেয়ে জনপ্রিয় দুটি সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র ও পেনশনার সঞ্চয়পত্রে বেড়েছে সবচেয়ে বেশি। পরিবার সঞ্চয়পত্রের নতুন মুনাফার হার বার্ষিক ১২ দশমিক ০৭ শতাংশ। এত দিন এই সঞ্চয়পত্রে এই হার ছিল ১১ দশমিক ০৪ শতাংশ। পেনশনার সঞ্চয়পত্রে মুনাফার হার ১১ শতাংশের পরিবর্তে ১১ দশমিক ৮১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ সঞ্চয়পত্রে নতুন মুনাফার হার ১১ দশমিক ৫৫ শতাংশ, আগে যা ছিল ১১ শতাংশ। আর তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে মুনাফার হার ১০ দশমিক ৪০ শতাংশ থেকে বাড়িয়ে ১০ দশমিক ৭৮ শতাংশ পুনর্নির্ধারণ করা হয়েছে। ডাকঘর সঞ্চয়পত্রের মুনাফার হারও একই রকম বাড়ানো হয়েছে।এই সামাজিক নিরাপত্তা প্রিমিয়াম আয় হিসাবে গণ্য করার সুযোগ না থাকায় এর ওপর উ ৎ সে কর বসবে না। কিন্তু প্রিমিয়াম বাদে মুনাফার ওপর ৫ শতাংশ হারে উ ৎ সে আয়কর কর্তন প্রযোজ্য হবে। যেমন, পরিবার সঞ্চয়পত্রের ওপর প্রিমিয়ামসহ মোট মুনাফার হার ১২ দশমিক ০৭ শতাংশ। এর মধ্যে মুনাফার হার ১১ শতাংশ আর প্রিমিয়াম ১ দশমিক ০৭ শতাংশ। ফলে কোনো গ্রাহক এক লাখ টাকা বিনিয়োগ করলে প্রতিমাসে মুনাফা প্রাপ্য হবেন ৯১৬ টাকা ৬৭ পয়সা। আর ৫ শতাংশ হারে উ ৎ সে কর হিসাবে ৪৫ টাকা ৮৩ পয়সা কেটে রাখার পর প্রকৃত প্রাপ্তি দাঁড়াবে ৮৭০ টাকা ১৪ পয়সা। তবে সামাজিক নিরাপত্তা প্রিমিয়াম হিসাবে যুক্ত হবে ৮৯ টাকা ১৬ পয়সা। ফলে মাস শেষে ওই বিনিয়োগকারী হাতে পাবেন মোট ৯৬০ টাকা। অন্যদিকে এই সঞ্চয়পত্রে ১ জুলাইয়ের আগে যাঁরা বিনিয়োগ করেছেন, তাঁরা প্রতিমাসে পাবেন ৯২০ টাকা। তবে কোনো বিনিয়োগকারী যদি পাঁচ বছরের মেয়াদের এই সঞ্চয়পত্রে এক লাখ টাকা বিনিয়োগ করে মেয়াদপূর্তির আগে নগদায়ন করেন, তাহলে প্রিমিয়ামের অর্থ কেটে রাখা হবে। যেমন, তিন বছর পর নগদায়ন করলে তিন বছরের (৩৬ মাসের) প্রিমিয়াম বাবদ তিন হাজার ২০৯ টাকা ৭৬ পয়সা কেটে রাখা হবে। একইভাবে পেনশনার সঞ্চয়পত্রে এক লাখ টাকা বিনিয়োগ করলে প্রতিমাসে দশমিক ৮১ শতাংশ হারে সামাজিক নিরাপত্তা প্রিমিয়াম পাওয়া যাবে। প্রতিমাসে প্রিমিয়ামসহ মুনাফা পাওয়া যাবে দুই হাজার ৮১৫ টাকা। ১ জুলাইয়ের আগে যাঁরা এই সঞ্চয়পত্রটি কিনেছেন, তাঁরা মাসে মুনাফা পাবেন দুই হাজার ৭৫০ টাকা।আবার ১ জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে বিনিয়োগের বিপরীতে মেয়াদ শেষে পাওয়া যাবে এক লাখ ৫৫ হাজার টাকা। ১ জুলাইয়ের আগে কেনা থাকলে তাতে মেয়াদ শেষে এক লাখ ৫২ হাজার ৫০০ টাকা পাওয়া যাবে। তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যাবে দুই হাজার ৫৬৫ টাকা। ১ জুলাইয়ের আগে কেনা থাকলে মুনাফা পাওয়া যাবে আড়াই হাজার টাকা।