সঞ্চয়পত্রের প্রকৃত বিক্রি বেড়েছে প্রায় আড়াই গুণ
গত ২০০৯-১০ অর্থবছরে দেশে সঞ্চয়পত্রের প্রকৃত বিক্রি আগের বছরের প্রকৃত বিক্রির তুলনায় প্রায় আড়াই গুণ বেড়েছে। এর মানে হলো গত অর্থবছর ব্যাংকবহির্ভূত উৎস থেকে সরকারের ঋণ গ্রহণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের পরিসংখ্যান অনুসারে, গত অর্থবছর জাতীয় সঞ্চয়পত্রের প্রকৃত বিক্রি দাঁড়িয়েছে ১১ হাজার ৫৯০ কোটি ৬৪ লাখ টাকা। আর ২০০৮-০৯ অর্থবছরের সঞ্চয়পত্রের প্রকৃত বিক্রির পরিমাণ ছিল তিন হাজার ৬৩৩ কোটি ৩২ লাখ টাকা। বিক্রীত সঞ্চয়পত্র থেকে নগদায়ন করা সঞ্চয়পত্রের পরিমাণ বাদ দিলে যা পাওয়া যায় তাই সঞ্চয়পত্রের প্রকৃত বিক্রয় হিসেবে গণ্য হয়।আর ২০০৯-১০ অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্রের মাধ্যমে ঋণ গ্রহণ করার জন্য সরকার প্রথমে তিন হাজার ২৭৭ কোটি লক্ষ্যমাত্রা ধার্য করেছিল। পরে সংশোধিত বাজেটে তা বাড়িয়ে আট হাজার ৬৬৪ কোটি টাকা করা হয়।বাস্তবে দেখা যাচ্ছে, সরকার সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়েও তিন হাজার ৮৪ কোটি টাকা বেশি ঋণ নিয়েছে এই সঞ্চয়পত্র ব্যবহার করে।আবার এই সময়কালে সঞ্চয়পত্রের মোট নগদায়ন হয়েছে ছয় হাজার ৮২৪ কোটি টাকা। অর্থাৎ এই পরিমাণ অর্থ গ্রাহকদের মূল বাবদ ফেরত দিতে হয়েছে। এখানে সুদের হিসাব অন্তর্ভুক্ত করা হয়নি। ২০০৯-১০ অর্থবছর শেষে বিক্রীত সঞ্চয়পত্রের স্থিতি দাঁড়িয়েছে ৬১ হাজার ৩৮১ কোটি ৪২ লাখ টাকা। আর ২০০৮-০৯ অর্থবছর শেষে স্থিতির পরিমাণ ছিল ৪৯ হাজার ৭৯০ কোটি ৭৯ লাখ ডলার।পরিসংখ্যান পর্যালোচনায় আরও দেখা যায়, ২০০৭-০৮ অর্থবছরে সঞ্চয়পত্রের প্রকৃত বিক্রি ছিল দুই হাজার ৫১৮ কোটি ২৯ লাখ টাকা। আর ২০০৬-০৭ অর্থবছরে তা ছিল চার হাজার ১৭৪ কোটি ৯২ লাখ টাকা।