সঞ্চয়পত্রের প্রকৃত বিক্রিতে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঞ্চয়পত্র বিক্রি থেকে গত অর্থবছরে কার্যত বড় ধরনের লোকসান গুনতে হয়েছে সরকারকে। মুনাফার হার কমিয়ে ও উৎসে করারোপের মাধ্যমে সঞ্চয়পত্রে বিনিয়োগকে নিরুৎসাহিত করার যে নীতি দুই বছর আগে গ্রহণ করা হয়েছিল, তার নেতিবাচক প্রভাবে এমনটি হয়েছে বলে মনে করা হচ্ছে।জাতীয় সঞ্চয় পরিদপ্তরের পরিসংখ্যান থেকে জানা যায়, গত ২০১১-১২ অর্থবছরের সঞ্চয়পত্রের নিট বা প্রকৃত বিক্রি ব্যাপকভাবে কমে গেছে। আর সুদ পরিশোধের পর এই খাত থেকে সরকারের কোনো লাভ তো হয়নি; বরং সঞ্চয় স্কিমগুলো পরিচালনা করতে গিয়ে বাড়তি অর্থ গুনতে হয়েছে। জানা গেছে, বিগত অর্থবছরে বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ১৮ হাজার ৪৬ কোটি আট লাখ টাকার। আর একই সময়ে গ্রাহকদের সঞ্চয়পত্র নগদায়ন বা মূল পরিশোধ বাবদ ব্যয় হয়েছে হয়েছে ১৭ হাজার ৫৯৬ কোটি ৪৭ লাখ টাকা। অর্থাৎ সঞ্চয়পত্রের প্রকৃত বিক্রি দাঁড়িয়েছে মাত্র ৪৪৯ কোটি টাকা। এটা সরকারি হিসাব। কিন্তু বছরজুড়ে সঞ্চয়পত্রের ওপর গ্রাহককে সরকার যে সুদ পরিশোধ করে, তা সরকারের অন্য হিসাব থেকে পরিশোধ করা হয়। সে জন্য বাজেটে আলাদা বরাদ্দ থাকে। সেই হিসাব অনুযায়ী, গত অর্থবছরে সুদ বাবদ পরিশোধ করতে হয়েছে ছয় হাজার ৩৫২ কোটি ৬৮ লাখ টাকা। এর মানে হলো, সরকার যেসব সঞ্চয় স্কিম পরিচালনা করে—তা থেকে সরকারের কোনো আর্থিকভাবে লাভবান হয়নি, বরং লোকসান হয়েছে পাঁচ হাজার ৯০৩ কোটি পাঁচ লাখ টাকা। উল্লেখ্য, গত অর্থবছরে সরকার সঞ্চয়পত্র থেকে পাঁচ হাজার ৪৯৫ কোটি টাকা প্রকৃত আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। আর ছয় হাজার ৭৫৫ কোটি টাকা সুদ বাবদ পরিশোধের কথা ছিল। সেই হিসাবে সরকার এক হাজার ২৬০ কোটি টাকার লোকসানে পড়ত। কিন্তু সেটা এখন পাঁচ গুণ বেশি হয়েছে। নির্দিষ্ট সময়ে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের বিপরীতে ওই সময়ের আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্র নগদায়ন করার মাধ্যমে গ্রাহকদের মূল ফেরত দেওয়ার পর যা অবশিষ্ট থাকে, তাকেই নিট বা প্রকৃত বিক্রি ধরা হয়।জাতীয় সঞ্চয় পরিদপ্তরের মাধ্যমে বর্তমানে পরিবার সঞ্চয়পত্র, প্রতিরক্ষা সঞ্চয়পত্র, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, ছয় মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এবং পেনশনার সঞ্চয়পত্র বিক্রি হয়। জাতীয় সঞ্চয় পরিদপ্তর সূত্রে জানা গেছে, গত অর্থবছরে পরিবার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে সাত হাজার ১২৭ কোটি টাকার। এক বছর আগে এই সঞ্চয়পত্রটি চালু হওয়ায় মাত্র এক হাজার ৬১ কোটি টাকার মূল পরিশোধ করতে হয়েছে। সেই হিসাবে এই সঞ্চয়পত্র বিক্রি বাবদ নিট আয় হয়েছে ছয় হাজার ৬৫ কোটি টাকা। ২০১০-১১ অর্থবছর থেকে প্রতিরক্ষা সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এতে আর নতুন বিনিয়োগ হচ্ছে না। শুধু আগের বিক্রীত সঞ্চয়পত্রের মূল পরিশোধ হচ্ছে। গত অর্থবছরে মূল পরিশোধ হয়েছে মাত্র এক কোটি ৮১ লাখ টাকা। তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র বিক্রি হয়েছে তিন হাজার ৩৩৭ কোটি টাকা। আর মূল পরিশোধ করতে হয়েছে ছয় হাজার ৯৩২ কোটি টাকা। অর্থাৎ এই সঞ্চয়পত্রের প্রকৃত বিক্রি ঋণাত্মক পর্যায়ে রয়েছে। ফলে অন্য খাত থেকে তিন হাজার ৫৯৪ কোটি টাকা এনে মূল পরিশোধ করতে হয়েছে। জনপ্রিয় পেনশনার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে এক হাজার ৮২৬ কোটি টাকার আর এক হাজার ৬৩৫ কোটি টাকার মূল পরিশোধ করা হয়েছে। এতে নিট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ২২৭ কোটি টাকা।পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র বিক্রি হয়েছে এক হাজার ২২৭ কোটি টাকা, মূল পরিশোধ হয়েছে দুই হাজার ১৪২ কোটি টাকা। এই সঞ্চয়পত্র বিক্রিও ঋণাত্মক পর্যায়ে রয়েছে। তাই অন্য খাত থেকে ৯১৪ কোটি টাকা এনে মূল পরিশোধ করতে হয়েছে।এ ছাড়া গত অর্থবছরে জাতীয় সঞ্চয় পরিদপ্তর পরিচালিত বাংলাদেশ প্রাইজবন্ড, ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড, তিন বছর মেয়াদি জাতীয় বিনিয়োগ বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড—এই পাঁচটি বন্ডের নিট বিক্রি হয়েছে মাত্র ২৯ কোটি টাকা। আলোচ্য সময়ে ৯০৯ কোটি টাকার বন্ড বিক্রি হয়েছে। আর মূল পরিশোধ হয়েছে ৮৭৯ কোটি টাকার।২০০৯-১০ অর্থবছরে সঞ্চয়পত্রের মুনাফার ওপর ১০ শতাংশ হারে উৎসে করারোপ করা হয়। একই সঙ্গে কমিয়ে দেওয়া হয় মুনাফার হার। তবে মূলত নারীদের জন্য ওই বছরই পরিবার সঞ্চয়পত্র চালু হয়, যার মুনাফা করমুক্ত রাখা হয়। কিন্তু উচ্চহারে করারোপের ফলে বহু মানুষ সঞ্চয়পত্রে বিনিয়োগে উৎসাহ হারিয়ে ফেলে। আবার অনেকেই ঝুঁকিপূর্ণ শেয়ারবাজারে টাকা খাটাতে গিয়ে বড় ধরনের লোকসানের শিকার হয়। পরের অর্থাৎ ২০১০-১১ অর্থবছরে মুনাফার ওপর উৎসে করের হার কমিয়ে পাঁচ শতাংশ নির্ধারণ করা হয়। অথচ শেয়ারবাজারে ব্যক্তি শ্রেণীর মূলধনী মুনাফা পুরোপুরি করমুক্ত রাখা হয়। এটি এখনো অব্যাহত আছে।উৎসে করের হার কমালেও সঞ্চয়পত্রে বিনিয়োগের উৎসাহে যে ভাটা পড়ে তা আর পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। অবশেষে এ বছরের মার্চ মাস থেকে মুনাফার হার কিছুটা বাড়ানো হয়।