সঞ্চয়পত্রের বিক্রি অর্ধেকে নেমেছে
চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) সঞ্চয়পত্রের বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে। এ বছর আলোচ্য সময়ে সঞ্চয়পত্রের প্রকৃত বিক্রি দাঁড়িয়েছে ১৭৭ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৩৩৪ কোটি টাকা। জাতীয় সঞ্চয় পরিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।নির্দিষ্ট সময়ে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের বিপরীতে ওই সময়ের আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্র নগদায়ন করার মাধ্যমে গ্রাহকদের মূল টাকা ফেরত দেওয়ার পর যা অবশিষ্ট থাকে, তাকেই নিট বা প্রকৃত বিক্রি ধরা হয়।আবার চলতি অর্থবছরের প্রথম ছয় মাসের মাসওয়ারি হিসাব বিবেচনা করলে দেখা যায়, সেপ্টেম্বর, নভেম্বর ও ডিসেম্বর—এই তিন মাসে সঞ্চয়পত্র বিক্রির পরিস্থিতি ঋণাত্মক পর্যায়ে রয়েছে। অর্থাৎ, উল্লিখিত মাসগুলোতে যে পরিমাণ সঞ্চয়পত্র বিক্রি হয়েছে, তার চেয়ে বেশি সঞ্চয়পত্র নগদায়ন করা হয়েছে। এ জন্য সঞ্চয়পত্র বিক্রি করে সরকার যে অর্থ সংগ্রহ করেছে, তার চেয়ে বেশি ব্যয় করতে হয়েছে।জাতীয় সঞ্চয় পরিদপ্তরের পরিসংখ্যান থেকে দেখা যায়, সঞ্চয়পত্র খাতে সেপ্টেম্বর মাসে নয় কোটি পাঁচ লাখ টাকা, নভেম্বর মাসে ১২৬ কোটি ১২ লাখ টাকা ও ডিসেম্বর মাসে ২০৭ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। তবে সঞ্চয়পত্র বিক্রি ও আসল পরিশোধ করার পর জুলাই মাসে ২০৯ কোটি ১১ লাখ টাকা, আগস্ট মাসে ২৫৩ কোটি আট লাখ টাকা ও অক্টোবর মাসে ৫৮ কোটি ৩১ লাখ টাকা পাওয়া গেছে। এসব মিলিয়ে সঞ্চয়পত্র খাত থেকে সরকার এই ছয় মাসে প্রকৃতপক্ষে পেয়েছে ১৭৭ কোটি ৪২ লাখ টাকা। অর্থাৎ, সঞ্চয়পত্রের মাধ্যমে এটি সরকারের প্রকৃত ঋণ গ্রহণ।জানা গেছে, সঞ্চয়পত্র বিক্রির পরিমাণ চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ১০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল সাত হাজার কোটি টাকার বেশি। তবে চলতি অর্থবছরে আসল পরিশোধের প্রবাহও বেশি।সঞ্চয় পরিদপ্তরের কর্মকর্তারা জানান, মূল্যস্ফীতির চাপ থাকায় সীমিত আয়ের মানুষের মধ্যে সঞ্চয়পত্র ভেঙে ফেলার প্রবণতা বেশি। নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি—এই তিন মাসে মধ্যবিত্ত পরিবারে শিক্ষাবাবদ খরচ বেড়ে যায়। তখন সঞ্চয়পত্র ভেঙে অনেকেই এই খরচ নির্বাহ করেন। এ ছাড়া ব্যাংকিং খাতের চেয়ে সুদের হার এখনো কম বলে সঞ্চয়পত্রে বিনিয়োগ সেই তুলনায় বাড়েনি।চলতি অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রি করে সাত হাজার ৪০০ কোটি টাকার নিট ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। আর বছরজুড়ে ২৮ হাজার ৫২৯ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্য রয়েছে। কিন্তু বছরজুড়ে সঞ্চয়পত্রের ওপর গ্রাহককে সরকার যে সুদ পরিশোধ করে, তা সরকারের অন্য হিসাব থেকে পরিশোধ করা হয়।জাতীয় সঞ্চয় পরিদপ্তরের মাধ্যমে বর্তমানে পরিবার সঞ্চয়পত্র, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, ছয় মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র বিক্রি হয়।