সঞ্চয়পত্রের বিক্রি কমায় উদ্বিগ্ন পরিদপ্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঞ্চয়পত্র বিক্রির নিম্নমুখী প্রবণতায় উদ্বিগ্ন জাতীয় সঞ্চয় পরিদপ্তর। চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) বা নয় মাসে সঞ্চয়পত্রের নিট (প্রকৃত) বিক্রি দাঁড়িয়েছে মাত্র ২১ কোটি টাকা। এর মধ্যে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে যে পরিমাণ সঞ্চয়পত্র বিক্রি হয়েছে, তার চেয়ে ১৮৩ কোটি টাকার বেশি ব্যয় হয়ে গেছে আগে বিক্রীত সঞ্চয়পত্রের মূল বাবদ এই সময়কালে পরিশোধ করতে। এমন প্রেক্ষাপটে সংকট উত্তরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব নাসির উদ্দিন আহমেদের কাছে চিঠি দিয়েছেন জাতীয় সঞ্চয় পরিদপ্তরের পরিচালক মাহমুদা আখতার মীনা। গত ২৬ এপ্রিল তিনি এই চিঠি দেন। মার্চ মাস পর্যন্ত সঞ্চয়পত্র বিক্রির প্রবণতা আশাব্যঞ্জক নয় বলে উল্লেখ করে চিঠিতে তিনি পরামর্শ দিয়ে বলেন, বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনা ও উদ্ভূত সংকট উত্তরণে অর্থমন্ত্রী অথবা বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক সংশ্লিষ্ট সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সমন্বয়ে একটি জরুরি সভা আহ্বানের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সভায় ব্যবস্থাপনা পরিচালকেরা বিষয়টির গুরুত্ব অনুধাবন করে সঠিক দিকনির্দেশনা দিতে পারবেন। অন্যদিকে সঞ্চয়পত্র বিক্রিতে আরও সক্রিয় হওয়ার জন্য ডাক ও টেলিযোগাযোগ সচিব বরাবর একটি আধা-সরকারি চিঠি দেওয়ার পরামর্শ দেন সঞ্চয় পরিদপ্তরের পরিচালক। এ সম্পর্কে জানতে চাইলে গতকাল রোববার মাহমুদা আখতার মীনা প্রথম আলোকে জানান, সঞ্চয়পত্র বিক্রির প্রবণতা কমে যাওয়ায় গত মার্চ মাস থেকে সুদের হার বাড়ানো হয়েছে। তবে সঞ্চয়পত্র বিক্রি বাড়ানোর জন্য ব্যাংকগুলোর সহযোগিতা প্রয়োজন আছে বলে তিনি মনে করেন। সঞ্চয়পত্র বিক্রির গতিপ্রবাহ:চলতি অর্থবছরের প্রথম নয় মাসে প্রকৃত সঞ্চয়পত্র বিক্রি হয়েছে মাত্র ২১ কোটি টাকা। এর অর্থ হলো সঞ্চয়পত্র বিক্রি করে নয় মাসে সরকার মাত্র ২১ কোটি টাকা পেয়েছে। গত অর্থবছরে একই সময়ে প্রকৃত বিক্রির পরিমাণ ছিল দুই হাজার ২২৫ কোটি টাকা। নির্দিষ্ট সময়ে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের বিপরীতে ওই সময়ে আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্র নগদায়ন করার মাধ্যমে গ্রাহকদের মূল ফেরত দেওয়ার পর যা অবশিষ্ট থাকে, তাকেই নিট বা প্রকৃত বিক্রি ধরা হয়। আর সুদের টাকা সরকারের আলাদা বাজেট থেকে দেওয়া হয়। আলোচ্য জুলাই-মার্চ সময়ে ১২ হাজার ৯৯৬ কোটি ৪৩ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। আর এই সময়ে মূল পরিশোধ করতে হয়েছে ১২ হাজার ৯৭৫ কোটি ৪৪ লাখ টাকার; আবার পাঁচ হাজার ৭৬ কোটি টাকার সুদ পরিশোধ করা হয়েছে। সঞ্চয় পরিদপ্তরের পক্ষে বিভিন্ন ব্যাংক সঞ্চয়পত্র বিক্রি করে থাকে। কিন্তু ব্যাংকের মাধ্যমে সঞ্চয়পত্র বিক্রি-পরিস্থিতি অত্যন্ত নাজুক ও নেতিবাচক। জুলাই-মার্চ সময়ে ব্যাংকের মাধ্যমে সঞ্চয়পত্র বিক্রির চেয়ে মূল পরিশোধ হয়েছে বেশি। অর্থাৎ যে পরিমাণ সঞ্চয়পত্র বিক্রি হয়েছে তার চেয়ে ১৮৩ কোটি ৮৯ লাখ টাকা বেশি মূল পরিশোধ করতে হয়েছে। এই অর্থবছরে আলোচ্য সময়ে ব্যাংকের মাধ্যমে চার হাজার ১৪২ কোটি টাকা। আর মূল পরিশোধ হয়েছে চার হাজার ৩২৫ কোটি ৯৯ লাখ টাকা। তবে সঞ্চয় ব্যুরোর মাধ্যমে প্রকৃত বিক্রি হয়েছে ১৩০ কোটি টাকা। আলোচ্য সময়ে এক হাজার ৯০৭ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। আর মূল উঠিয়ে নেওয়া হয়েছে ৮১৮ কোটি টাকা। ডাকঘরের মাধ্যমে প্রকৃত অর্থে ৭৪ কোটি ৬০ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। জুলাই-মার্চ সময়ে দেশের বিভিন্ন ডাকঘর থেকে ছয় হাজার ৯৪৬ কোটি ৬৯ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। আর এই সময়ে এসব ডাকঘর থেকে ছয় হাজার ৮৭২ কোটি টাকার মূল পরিশোধ করা হয়েছে।