সঞ্চয়পত্রের বিক্রি ব্যাপকভাবে কমেছে
দেশে সঞ্চয়পত্র বিক্রি ব্যাপকভাবে কমে গেছে। চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছে মাত্র ১১৪ কোটি ১৫ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল দুই হাজার ৫৬ কোটি টাকা। জাতীয় সঞ্চয় পরিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। সবচেয়ে আশঙ্কার কথা হলো, গত জানুয়ারি মাসে যে পরিমাণ সঞ্চয়পত্র বিক্রি হয়েছে, তার চেয়ে বেশি আসল পরিশোধ করতে হয়েছে। তাই জানুয়ারি মাসের প্রকৃত সঞ্চয়পত্র বিক্রি নেতিবাচক হয়েছে। অর্থাৎ সরকারি কোষাগার থেকে ২১৯ কোটি টাকা দিতে হয়েছে।জানুয়ারি মাসে সঞ্চয়পত্রে সার্বিক বিনিয়োগ এসেছে এক হাজার ৪৪৭ কোটি ৭৫ লাখ টাকা। এ সময়ে মানুষ সঞ্চয় ভেঙেছে এক হাজার ৬৬৭ কোটি ৬৮ লাখ টাকার। এদিকে সঞ্চয়পত্র কিনতে উৎসাহিত করতে চলতি মার্চ মাস থেকে সুদের হার বাড়ানো হয়েছে। এ সুদের হার এক দশমিক ৩৮ থেকে তিন শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।