সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ানো হচ্ছে। আগামী ১ মার্চ থেকে নতুন এ হার কার্যকর হবে বলে জানা গেছে। তবে মুনাফার ওপর উৎসে কর কর্তনের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হচ্ছে না।অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (ইআরডি) এরই মধ্যে বর্ধিত মুনাফার হার চূড়ান্ত করেছে বলে জানা গেছে। এ হার এখন যাঁরা সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন, তাঁদের জন্য প্রযোজ্য হবে না। শুধু ১ মার্চ থেকে যাঁরা কিনবেন, তাঁরাই নতুন হারে মুনাফা পাবেন।তবে যেকোনো সঞ্চয়পত্রই মেয়াদ পূর্তির আগে নগদায়ন করলে নির্ধারিত হারের চেয়ে কম মুনাফা পাওয়া যাবে। এ ক্ষেত্রে সামাজিক প্রিমিয়াম হিসেবে মুনাফার অংশ বাদ পড়বে। আর উৎসে ৫ শতাংশ হারে কর কর্তন তো থাকছেই।সব মিলিয়ে সঞ্চয়পত্রগুলোয় প্রদয়ে মুনাফার হার প্রকৃতপক্ষে ততটা বাড়ছে না, যতটা কাগজে-কলমে দেখানো হচ্ছে।সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ানোয় সরকারে একটি কমিটি কাজ করেছে। কমিটির সুপারিশ অনুসারে মুনাফার নতুন হার নির্ধারণ করা হলেও উৎসে কর কর্তনের বিষয়ে এ সুপারিশ গ্রহণ করা হয়নি। কমিটি পরিবার ও পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগের বিপরীতে প্রাপ্য মুনাফা ছিল করমুক্ত রাখার সুপারিশ।এর আগে চলতি ২০১১-১২ অর্থবছরে সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফা থেকে ৫ শতাংশ হারে উৎসে কর কর্তনের বিধান করা হয়, যা ২০১১ সালের ১ জুলাই থেকে প্রযোজ্য হয়। আর গত অর্থবছরের শেষ দিন (৩০ জুন, ২০১১) পর্যন্ত পরিবার ও পেনশনার সঞ্চয়পত্র ছাড়া অন্য সঞ্চয়পত্রগুলোর মুনাফায় ১০ শতাংশ হারে উৎসে কর কর্তনের বিধান ছিল।সঞ্চয়পত্রের যেকোনো পরিমাণ মুনাফার ওপর উৎসে কর কর্তনের বিধানকে বৈষম্যমূলক হিসেবে অভিহিত করা হয়েছে। বিশেষত, শেয়ারবাজারে ব্যক্তি বিনিয়োগকারীর মূলধনী মুনাফা পুরোটাই করমুক্ত। অর্থাৎ একজন বিনিয়োগকারী ১০ লাখ টাকা মুনাফা করলেও তাঁকে সেই মুনাফার ওপর এক টাকাও কর দিতে হয় না। অথচ এক লাখ টাকার সঞ্চয়পত্র কিনে মেয়াদান্তে যদি এক হাজার ২০০ টাকা মুনাফা করলেও তা থেকে ৫ শতাংশ, অর্থাৎ ৬০ টাকা উৎসে কর হিসেবে কেটে রাখা হয়।অবশ্য মেয়াদপূর্তিতে কর কর্তনের ক্ষেত্রে সামাজিক প্রিমিয়াম হিসেবে প্রদেয় অংশ বাদ দিয়ে যে মুনাফা আসবে, শুধু তার ওপরই এ কর কর্তন করা হবে। তার পরও মুনাফার প্রায় পুরোটাই কর কর্তনের আওতায় চলে আসবে।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এভাবে সঞ্চয়পত্রে বিনিয়োগ ও মুনাফার হিসাবটা অনেক জটিল করে ফেলা হয়েছে, যা বেশির ভাগ গ্রাহকের পক্ষেই বুঝে ওঠা সম্ভব নয়। তাই সঞ্চয়পত্র নগদায়নের সময় গ্রাহকদের প্রকৃত পাওনা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও তাঁরা উল্লেখ করেন।যেমন—পরিবার ও পেনশনার সঞ্চয়পত্রে প্রতি মাসেই মুনাফা উত্তোলন করা যায়। যদি কোনো গ্রাহক দুই বছরের মাথায় পুরো সঞ্চয়পত্র নগদায়ন করতে চান, তাহলে মূল অর্থ ফেরত দেওয়ার আগে উত্তোলিত মুনাফার পরিমাণ সমন্বয় করতে হবে।উল্লেখ্য, সঞ্চয়পত্রের মুনাফার হার কিছুটা বাড়িয়ে সরকার সঞ্চয়পত্র বিক্রি বাড়াতে চাইছে, যেন ঘাটতি অর্থায়ন কিছুটা সহজ হয়, আর ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরিমাণ কমানো যায়।