সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়তে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না সঞ্চয়পত্রে। বিনিয়োগ আকর্ষণে সঞ্চয় পরিদপ্তর থেকে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হলেও এর প্রভাব পড়ছে না বিনিয়োগের ক্ষেত্রে।চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) সঞ্চয়পত্রে বিনিয়োগ হয়েছে মাত্র ৩৬৩ কোটি টাকা। অথচ এ বছর বিনিয়োগের লক্ষ্যমাত্রা রয়েছে সাত হাজার ৪০০ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রা অনুযায়ী সঞ্চয়পত্রের প্রকৃত বিক্রি হয়েছে মাত্র ৪ দশমিক ৯১ শতাংশ। এ অবস্থায় আগামী ২০১৩-১৪ অর্থবছরে সঞ্চয়পত্রে সব ধরনের উৎসে কর হ্রাস বা প্রত্যাহার এবং মুনাফার হার বাড়ানোর পাশাপাশি বিনিয়োগের ঊর্ধ্বসীমা প্রত্যাহারের চিন্তা করছে সরকার। খবর বাসসের।এ প্রসঙ্গে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রণজিৎ কুমার রায় বাসসকে বলেন, ‘মধ্যবিত্ত জীবনযাপনে কিছুটা স্বস্তি আনতে আগামী ২০১৩-১৪ অর্থবছর থেকে সব ধরনের সঞ্চয়পত্র থেকে উৎসে আয়কর প্রত্যাহার করার চিন্তাভাবনা চলছে। একই সঙ্গে সঞ্চয়পত্রের স্কিমগুলোর মুনাফার হার বাড়ানোর পদক্ষেপ নেওয়া হতে পারে। পাশাপাশি পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগের ঊর্ধ্বসীমাও প্রত্যাহার করা হতে পারে।’ উৎসে আয়কর আরোপ করার ফলে অনেকেই সঞ্চয়পত্র থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। কোনো কোনো স্কিমের মুনাফার হার ব্যাংকের সুদের চেয়েও কম। গত ২৬ ফেব্রুয়ারি জাতীয় সঞ্চয় পরিদপ্তর থেকে এ সংক্রান্ত একটি প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়। এতে কোন কোন স্কিম তুলনামূলকভাবে কম আকর্ষণীয় তা উল্লেখ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী অর্থবছরে পাঁচ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্রের মুনাফার হার ১২ দশমিক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ১৩ দশমিক ৬৮ শতাংশ হতে পারে। এ ছাড়া পাঁচ বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্রের মুনাফার হার ১২ দশমিক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ১৩ দশমিক ৬০ শতাংশ; তিন বছর মেয়াদি তিন মাস অন্তর মুনাফা সঞ্চয়পত্রে মুনাফার হার ১১ দশমিক ৮০ শতাংশ থেকে বাড়িয়ে ১২ দশমিক ৯৬ শতাংশ এবং তিন বছর মেয়াদি ডাকঘর সঞ্চয় মেয়াদি হিসাব মুনাফার হার ১২ দশমিক ৪০ শতাংশ থেকে বাড়িয়ে ১৩ দশমিক ৬৬ শতাংশ করা হতে পারে। এ ছাড়া ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব মুনাফার হার ৭ দশমিক ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৮ শতাংশ এবং পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র মুনাফার হার ১২ দশমিক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ১৩ দশমিক ৬০ শতাংশ হতে পারে। বর্তমানে পাঁচ বছর মেয়াদি ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডের মুনাফার হার ১১ দশমিক ২০ শতাংশ। তা বেড়ে ১৩ শতাংশ হতে পারে। বর্তমানে পাঁচ বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্রের মুনাফার ওপর উৎসে শূন্য দশমিক ৬১ শতাংশ, তিন বছর মেয়াদি তিন মাস অন্তর মুনাফা সঞ্চয়পত্রে শূন্য দশমিক ৫৯ শতাংশ, তিন বছর মেয়াদি ডাকঘর সঞ্চয় মেয়াদি হিসাব ১ দশমিক ২৪ শতাংশ, ডাকঘর সঞ্চয় ব্যাংকের শূন্য দশমিক ৭৫ শতাংশ, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে শূন্য দশমিক ৬১ শতাংশ এবং ওয়েজ আর্নার বন্ডে শূন্য দশমিক ৫৬ শতাংশ উৎসে কর কর্তন করা হয়।