সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়াতে যাচ্ছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফা বা সুদের হার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সঞ্চয়পত্রভেদে দশমিক ৫০ থেকে দেড় শতাংশীয় পয়েন্ট পর্যন্ত এ হার বাড়তে পারে। সে ক্ষেত্রে চলতি অর্থবছর থেকে চালু করা সঞ্চয়পত্রের ওপর দেওয়া সামাজিক প্রিমিয়ামসুবিধাও বাতিল হতে পারে। আগামী সপ্তাহে সঞ্চয়পত্রের নতুন সুদের হার ঘোষণা দেওয়া হতে পারে বলে জাতীয় সঞ্চয় পরিদপ্তর সূত্রে জানা গেছে। অর্থসচিব মোহাম্মদ তারেকের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যবিশিষ্ট উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি নতুন সুদের হার চূড়ান্ত করবে। চলতি অর্থবছর অভ্যন্তরীণ খাতের সঞ্চয়পত্র বিক্রি করে ছয় হাজার কোটি টাকার প্রকৃত ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সে ক্ষেত্রে মোট বিক্রি হতে হবে ২২ হাজার ৪০৫ কোটি টাকার সঞ্চয়পত্র। কিন্তু অর্থবছরের প্রথম চার মাসের (জুলাই-অক্টোবর) প্রাথমিক হিসাবে আসল পরিশোধ শেষে মাত্র সঞ্চয়পত্রের প্রকৃত বিক্রি দাঁড়িয়েছে ৫৯০ কোটি ৮৭ লাখ টাকা। অথচ গত অর্থবছরের একই সময়ে নিট বিক্রির পরিমাণ ছিল এক হাজার ৯২৩ কোটি টাকা। নির্দিষ্ট সময়ে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের বিপরীতে ওই সময়ে আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্র নগদায়ন করার মাধ্যমে গ্রাহকদের মূল ফেরত দেওয়ার পর যা অবশিষ্ট থাকে, তাকেই নিট বা প্রকৃত বিক্রি ধরা হয়।জানা গেছে, ব্যাংকের সুদের হার আর সঞ্চয়পত্রের সুদের হার প্রায় কাছাকাছি থাকায় সঞ্চয়পত্রের বিক্রি কমে যাচ্ছে আবার সামাজিক প্রিমিয়ামের অর্থ মেয়াদ শেষ হওয়ার আগে তোলা যাবে না এমন শর্ত থাকায় বিক্রি আরও কমেছে। এ ছাড়া ব্যাংকব্যবস্থা থেকে সরকার অর্থবছরের প্রথম চার মাসেই বার্ষিক লক্ষ্যমাত্রার প্রায় পুরো ঋণ গ্রহণ করে ফেলেছে। এমতাবস্থায় সঞ্চয়পত্রের সুদের হার বাড়িয়ে অভ্যন্তরীণ ঋণ সংগ্রহের দিকে এখন মনোযোগ দেওয়া হচ্ছে। বর্তমানে পাঁচ ধরনের সঞ্চয়পত্র কর্মসূচি রয়েছে। পরিবার সঞ্চয়পত্রে বর্তমান মুনাফার হার বার্ষিক ১২ দশমিক শূন্য ৭ শতাংশ। পেনশনার সঞ্চয়পত্রে মুনাফার হার ১১ শতাংশের পরিবর্তে ১১ দশমিক ৮১ শতাংশ। এই দুটি সঞ্চয়পত্রে মুনাফার হার সাড়ে ১২ শতাংশ করা হতে পারে। পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে মুনাফার হার ১১ দশমিক ৫৫ শতাংশ, যা ১২ শতাংশ করা হতে পারে। আর তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে মুনাফার হার ১০ দশমিক ৭৮ শতাংশ বাড়িয়ে ১১ শতাংশ করা হতে পারে। একই হার থাকতে পারে ডাকঘর সঞ্চয়পত্রের মুনাফার হারেও।