সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ানো হয়েছে
সব ধরনের সঞ্চয়পত্রে সুদের বা মুনাফার হার বাড়ানো হয়েছে। মুনাফার নতুন হার আজ ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে। তবে আজ ও আগামীকাল শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় আগামী রোববার প্রথম কার্যদিবস থেকে ক্রেতারা নতুন সুদহারে সঞ্চয়পত্র কিনতে পারবেন। গতকাল বৃহস্পতিবার মুনাফার হার বৃদ্ধির এই আদেশ জারি করেছে জাতীয় সঞ্চয় পরিদপ্তর।অবশ্য সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার ওপর পাঁচ শতাংশ হারে উৎসে কর থেকে দিতে হবে। আগে পরিবার ও পেনশনার সঞ্চয়পত্র ছাড়া সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার ওপর ১০ শতাংশ হারে উৎসে কর দিতে হতো। এটি সদ্য সমাপ্ত ২০১০-১১ অর্থবছর থেকে কার্যকর করা হয়। আর নতুন শুরু হওয়া ২০১১-১২ অর্থবছরের বাজেটে পরিবার ও পেনশনার সঞ্চয়পত্রের মুনাফার ওপরও উৎসে কর আরোপ করা হয়েছে। বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ানো হয়েছে দশমিক ৩৮ থেকে ১ দশমিক ৩ শতাংশ পর্যন্ত। সবচেয়ে জনপ্রিয় দুটি সঞ্চয়পত্র- পরিবার সঞ্চয়পত্র ও পেনশনার সঞ্চয়পত্রে বেড়েছে সবচেয়ে বেশি। পরিবার সঞ্চয়পত্রের নতুন মুনাফার হার বার্ষিক ১২ দশমিক শূন্য ৭ শতাংশ। এতদিন এই সঞ্চয়পত্রে বার্ষিক হার ছিল ১১ দশমিক শূন্য ৪ শতাংশ। পেনশনার সঞ্চয়পত্রে সুদের হার ১১ শতাংশের পরিবর্তে ১১ দশমিক ৮১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ সঞ্চয়পত্রে নতুন সুদের হার ১১ দশমিক ৫৫ শতাংশ, আগে যা ছিল ১১ শতাংশ। আর তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে সুদের হার ১০ দশমিক ৪০ শতাংশ থেকে বাড়িয়ে ১০ দশমিক ৭৮ শতাংশ পুনর্নির্ধারণ করা হয়েছে। ডাকঘর সঞ্চয়পত্রের মুনাফার হারও একই রকম বাড়ানো হয়েছে। ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে সুদের হার ১১ শতাংশ থেকে বাড়িয়ে ১১ দশমিক ৮ শতাংশ করা হয়েছে। কিন্তু উৎসে কর কাটার বিধান প্রবর্তন করায় পরিবার ও পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের তেমন একটা লাভ হবে না। কেননা, আগে একজন নারী এক লাখ টাকার পরিবার সঞ্চয়পত্রের ওপর মাসিক মুনাফা পেতেন ৯২০ টাকা। এখন এক লাখ টাকা বিনিয়োগ করে পাবেন এক হাজার পাঁচ টাকা। কিন্তু উৎসে কর হিসেবে কেটে রাখা হবে ৫০ টাকা ২৯ পয়সা। হাতে পাবেন মাত্র ৯৫৫ টাকা। একইভাবে পেনশনার সঞ্চয়পত্রে এক লাখ বিনিয়োগ করলে আগে মাসিক মুনাফা ছিল ৯১৫ টাকা। এখন মাসে পাওয়া যাবে ৯৮৪ টাকা। কিন্তু উৎসে কর কাটার পর হাতে আসবে মাত্র ৯৩৫ টাকা। সঞ্চয় পরিদপ্তরের একজন কর্মকর্তা জানান, গত অর্থবছরের (২০১০-১১) শুরুতে মুনাফার হার কমানোর ফলে বিনিয়োগকারীরা সঞ্চয়পত্রে উৎসাহিত হননি। তাই সঞ্চয়পত্রে বিনিয়োগ কমে যায়। আবার ব্যাংকিংব্যবস্থায় আমানতের ওপর সুদের হার বাড়ানো হয়েছে। এমন প্রেক্ষাপটে সঞ্চয়পত্রে সুদের হার বাড়ানো হয়েছে। এটা এক ধরনের সামাজিক প্রিমিয়াম হিসেবে দেখা হচ্ছে। এতে নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্তরা সঞ্চয়পত্রে বিনিয়োগে আবারও উৎসাহিত হবেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত মঙ্গলবার সংসদে সংশোধিত অর্থবিল উপস্থাপনকালে এই সামাজিক প্রিমিয়ামের ঘোষণা দেন। সঞ্চয়পত্রে মুনাফার হার সমন্বয় করতে গত ১৯ মে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকীকে প্রধান করে ছয় সদস্যের কমিটি করা হয়। কমিটি বাজেট ঘোষণার আগে মুনাফার হার বৃদ্ধিসহ এই খাতের সরকারের রাজস্ব আহরণসংক্রান্ত সামগ্রিক প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ে জমা দেয়। কমিটিতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি), অর্থ বিভাগ, ডাক বিভাগ, সঞ্চয় পরিদপ্তর ও হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের প্রতিনিধিরা ছিলেন। ওই কমিটির সুপারিশের ভিত্তিতেই সঞ্চয়পত্রের সুদের হার বাড়ানো হয়েছে বলে সঞ্চয় পরিদপ্তর সূত্রে জানা গেছে। বিদায়ী অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্র ও বন্ড বিক্রি করে সাত হাজার ৪৭৬ কোটি টাকা আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। পরে সংশোধিত বাজেটে তা এক হাজার কোটি টাকা কমিয়ে ছয় হাজার ৪০০ কোটি টাকা করা হয়েছে।