সঞ্চয়পত্রের সুদের হার কমবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঞ্চয়পত্রের সুদের হার কমানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রাজধানীর শেরেবাংলা নগরের সম্মেলনকক্ষে গতকাল রোববার অনুষ্ঠিত ২০১৫-১৬ অর্থবছরের প্রাক্-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এই ইঙ্গিত দেন।
সভায় সঞ্চয়পত্রের অস্বাভাবিক বিক্রি বেড়ে যাওয়া ও এর নেতিবাচক প্রভাব নিয়ে কথা বলেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। তিনি বলেন, চলতি অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্র বিক্রি করে সরকার যত টাকা সংগ্রহ করবে বলে লক্ষ্যমাত্রা ঠিক করেছিল, জুলাই-ফেব্রুয়ারি সময়ে অর্থাৎ প্রথম আট মাসেই তার দ্বিগুণের বেশি সংগ্রহ হয়ে গেছে। এ অবস্থা চলতে থাকলে সরকারের বাজেট ব্যবস্থাপনায় সমস্যা হবে।
বিষয়টির জন্য এককভাবে অর্থ মন্ত্রণালয়কে দায়ী করেন আহসান মনসুর। অর্থমন্ত্রী সঙ্গে সঙ্গেই অবশ্য বলে দেন, ‘এটা থাকবে না।’
প্রাক্-বাজেট আলোচনা শেষে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য জানতে চাইলে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘সঞ্চয়পত্রের সুদের হার আগে যা বাড়িয়েছিলাম, সেটা আর রাখা সম্ভব হচ্ছে না।’
আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমাদের সঞ্চয়পত্রগুলোর সুদের হার বেশি। এটা চলতে থাকলে এ খাতে বিনিয়োগ বেড়ে যাবে, আর এতে বেড়ে যাবে সরকারের ঋণের বোঝা। এ কারণেই আমরা এটা কমানোর (রিভিউ) সিদ্ধান্ত নিয়েছি।’
তবে কবে থেকে এবং কত হারে কমানো হবে—অর্থমন্ত্রী সে বিষয়ে কিছু জানাননি।