সঞ্চয়পত্রের সুদের হার কমার প্রজ্ঞাপন হতে পারে আজ
জাতীয় সঞ্চয়পত্রের সুদের হার কমছে। আজ রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবং বেসরকারি টিভি চ্যানেল এনটিভির যৌথ উদ্যোগে গত শুক্রবার অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এ ইঙ্গিত দেন। রাজধানীর একটি হোটেলে ‘কেমন বাজেট চাই’ শীর্ষক এ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে এনটিভি। চ্যানেলটির নিউইয়র্ক ও চট্টগ্রামের স্টুডিওতে অনুষ্ঠানের সঙ্গে সংযোগ ঘটিয়ে সরাসরি আলোচনার ব্যবস্থাও করা হয়।
এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্যানেল আলোচকদের মধ্যে ছিলেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম ও সৈয়দ মঞ্জুর এলাহী, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী।
আলোচকেরা আগামী অর্থবছরের বাজেটে বিনিয়োগ বাড়ানোর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন। বিনিয়োগের জন্য জমি, বিদ্যুৎ ও গ্যাসের পর্যাপ্ত সরবরাহের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তাঁরা।
ব্যবসায়ীরা বাজেটে দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার পক্ষে মত দেন। এ ছাড়া তাঁরা সামাজিক নিরাপত্তায় বরাদ্দ বাড়ানো, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং কৃষি ও তথ্যপ্রযুক্তি খাতে আরও মনোযোগ দেওয়ার সুপারিশ করেন। তাঁদের অনেকেই বরাবরের মতোই ব্যাংক ঋণের উচ্চ সুদ হার নিয়ে প্রশ্ন তোলেন। এই উচ্চ সুদের হারকে বিনিয়োগের ক্ষেত্রে বাধা হিসেবেও উল্লেখ করেন তাঁরা।
ব্যবসায়ীরা বলেন, জাতীয় সঞ্চয়পত্রের সুদের হারও অনেক বেশি, যা বর্তমান বাজারের সঙ্গে অসংগতিপূর্ণ। শুধু তাই নয়, এই হার সরকারি ব্যয়ের ওপর বাড়তি চাপ তৈরি করছে। তাঁরা বলেন, সঞ্চয়পত্রের সুদের হার কমানো হলে ব্যাংকে আমানতের সুদের হার কমবে এবং ধীরে ধীরে কমে আসবে ঋণের সুদের হারও।
সঞ্চয়পত্রের সুদের হার নিয়ে অর্থমন্ত্রী সিদ্ধান্ত দেন আলোচনা সভাতেই। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হয়েছে। আগামী রোববার (আজ) এর ফলাফল জানা যাবে।’
তবে কোন সঞ্চয়পত্রের সুদের হার কতটুকু কমছে তা উল্লেখ করেননি মুহিত। বর্তমানে বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রের সুদের হার ১২ দশমিক ৫৯ শতাংশ থেকে ১৩ দশমিক ৪৫ শতাংশ পর্যন্ত রয়েছে। এই হার ব্যাংকের আমানতের সুদের হারের চেয়ে অনেক বেশি।
এ ছাড়া অর্থমন্ত্রী বলেন, ‘দেশে পর্যাপ্ত রাস্তাঘাট হয়েছে। নতুন করে আর রাস্তা বানানো হবে না। যেগুলো আছে, তা সংস্কারের দরকার হলে করা হবে।’