সঠিক টেলিকম ও নিরপেক্ষ প্রযুক্তিনীতি প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিগবে ব্রেক্কে
সিগবে ব্রেক্কে

চতুর্থ প্রজন্মের ফোরজি আগেই এসে গেছে। এখন অনেক দেশেই মোবাইল ফোন অপারেটররা আরেকটু বাড়িয়ে ফোরজি প্লাস সেবা দিচ্ছে। আর কাজ চলছে ফাইভজির। বার্সেলোনায় এবারের মোবাইল কংগ্রেসে জানানো হলো, ২০২০ সাল নাগাদ চলে আসবে পঞ্চম প্রজন্মের এই মোবাইল প্রযুক্তির সেবা। এতে একই নেটওয়ার্ক বহুজন ব্যবহার করতে পারবে।
কিন্তু বাংলাদেশ এখনো পড়ে আছে সেই থ্রিজি সেবা নিয়ে। তবে তার চেয়ে বড় কথা হলো, বাংলাদেশের যে টেলিকম নীতি, তা ১৬-১৭ বছরের পুরোনো। ডিজিটাল বাংলাদেশের স্লোগান দেওয়া হলেও এখন পর্যন্ত নীতিটি পাল্টাতে পারেনি বাংলাদেশ।
পুরোনো টেলিকম নীতির এই প্রসঙ্গটি তুললেন গ্রামীণফোনের মূল কোম্পানি টেলিনরের এশিয়াপ্রধান সিগবে ব্রেক্কে। তিনি কথা বলছিলেন বার্সেলোনায় মোবাইল কংগ্রেসে টেলিনরের প্যাভিলিয়নে, ৪ মার্চ। বাংলাদেশ থেকে যাওয়া সাংবাদিকদের তিনি জানালেন গ্রামীণফোনের নানা পরিকল্পনা ও উদ্বেগের কথা।
এই মুহূর্তে গ্রামীণফোনের বড় উদ্বেগের বিষয় স্পেকট্রাম নিলাম। বাংলাদেশ টেলিকম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিটিআরসি) ১৮০০ মেগাহার্টজ স্পেকট্রামের নিলামের একটি খসড়া দিকনির্দেশনা প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, এরই মধ্যে ২০ মেগাহার্টজ বা তার চেয়ে বেশি তরঙ্গ বরাদ্দ যাদের রয়েছে, তারা ওই নিলামে অংশ নিতে পারবে না। এর ফলে গ্রামীণফোন আপাতত এই নিলামে অংশ নিতে পারছে না।
সিগবে ব্রেক্কে একই সঙ্গে গ্রামীণফোনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান। তিনি একটি নিরপেক্ষ স্পেকট্রাম নিলাম চাইলেন। নিলামে গ্রামীণফোন অংশ নিতে পারবে—এই আশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা খুব জোরালোভাবে বলতে চাই যে থ্রিজি, ফোরজি এবং পরবর্তী সময়ে ফাইভজির জন্য আমাদের প্রচুর স্পেকট্রামের প্রয়োজন হবে। আমরা এক জায়গায় বসে থাকতে পারি না।’ তিনি বলেন, এখন পর্যন্ত বিটিআরসির যে অবস্থান, তা প্রযুক্তি নিরপেক্ষ নয়। এই অবস্থান বৈষম্যমূলক। বরং অপারেটরদের ওপরই ছেড়ে দেওয়া উচিত, তারা কীভাবে ব্যান্ডউইথ ব্যবহার করবে।
টেলিকম নীতি নিয়ে সিগবে ব্রেক্কে সাংবাদিকদের বলেন, ১৬ বছরের পুরোনো টেলিকম নীতির দ্রুত হালনাগাদ প্রয়োজন। এমনকি এই নীতির মধ্যে ইন্টারনেটকেও অন্তর্ভুক্ত করা হয়নি। তা ছাড়া একটি পুরোনো নীতির অধীনে অপারেটরদের বিনিয়োগ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়াও সহজ নয়। সুতরাং বাংলাদেশের প্রয়োজন একটি সঠিক টেলিকম নীতি এবং নিরপেক্ষ প্রযুক্তি নীতি।
আরও একটি উদ্বেগের কথা জানান টেলিনরের এশিয়াপ্রধান। সিম প্রতিস্থাপন বা রিপ্লেসমেন্ট করের বিষয়টি বহু বছর ধরে ঝুলে আছে। টেলিকম অপারেটররা এই কর প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে।
টেলিনর বাংলাদেশ ছাড়াও এশিয়ার আরও পাঁচটি দেশে কার্যক্রম চালিয়ে আসছে। মূলত বাংলাদেশের মাধ্যমেই নরওয়ের এই বহুজাতিক প্রতিষ্ঠানটির এশিয়ার বাজারে প্রবেশ। এশিয়ার অন্য দেশগুলো হলো ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ড ও মিয়ানমার। বাংলাদেশে গ্রামীণের মোট গ্রাহকসংখ্যা ৫ কোটি ১৫ লাখ।
এ অবস্থায় বাংলাদেশকে টেলিনরের গুরুত্বপূর্ণ বাজার উল্লেখ করে সিগবে ব্রেক্কে বলেন, বাংলাদেশে তাঁরা নতুন ধরনের টেলিফোন সেবা দেওয়ার পরিকল্পনা করছেন। বর্তমানে সরকারের সঙ্গে শিক্ষাসেবা নিয়ে আলোচনা চলছে। এতে মোবাইল ফোনের মাধ্যমেই স্কুল, শিক্ষক বা বিশ্ববিদ্যালয়ের নানা তথ্য জানা যাবে। আর বাংলাদেশের কৃষকেরা যদি মোবাইল ফোনের মাধ্যমে শস্যের মূল্য বা চাষাবাদের তথ্য পান, তাহলে সেটিও হবে গুরুত্বপূর্ণ একটি বিষয়।
বর্তমান বিশ্বে মুঠোফোন কোম্পানিগুলোর ব্যবসা আর কথা বলা বা বার্তা পাঠানোর ওপর নির্ভর করছে না। ইন্টারনেট বা উপাত্ত (ডেটা) ব্যবহারের ওপরই বেশি জোর দেওয়া হচ্ছে। বাংলাদেশেও এটি টেলিনরের প্রধান কৌশল উল্লেখ করে সিগবে ব্রেক্কে বলেন, তাঁদের স্লোগান হচ্ছে ‘সবার জন্য ইন্টারনেট’। টেলিনর পুরো এশিয়ার জন্যই সবার জন্য ইন্টারনেট লক্ষ্য নিয়ে এগোচ্ছে।
সিগবে ব্রেক্কে জানান, টেলিনরের এশিয়ার মাত্র ১৫ শতাংশ গ্রাহক এখন ইন্টারনেট ব্যবহার করছে। ২০১৭ সালের শেষে এই হার ৮০ শতাংশে উন্নীত হবে বলেই তাদের আশা। এর অর্থ, এর মধ্যে বাংলাদেশের চার কোটি গ্রাহক এই সময়ের মধ্যে ইন্টারনেট ব্যবহার করবে।
মুঠোফোনের মাধ্যমে আর্থিক সেবা প্রসঙ্গে সিগবে ব্রেক্কে বলেন, তাঁরা চান বেশির ভাগ গ্রাহকের ব্যাংকিং সম্পর্ক থাকুক, তারা লেনদেন, বিল পরিশোধ বা সঞ্চয় ও ঋণের বিষয়গুলো মোবাইল ফোনের মাধ্যমে করুক। তবে প্রশ্ন করা হলে তিনি বলেন, ব্যাংকের সঙ্গে কোনো ধরনের প্রতিযোগিতা করছেন না তাঁরা, ব্যাংকের কোনো গ্রাহককেও তাঁরা নিচ্ছেন না। তাঁদের আগ্রহ, যাঁদের কোনো ব্যাংক হিসাব নেই তাঁদের প্রতি। বরং তাঁরা ব্যাংকের সঙ্গে মিলেই আর্থিক সেবা দেবেন। তবে এই অঞ্চলে ব্যাংকের লাইসেন্স পেলেই বেশি ভালো হতো বলে তিনি মনে করেন। এ ছাড়া টেলিনরের আরেকটি লক্ষ্য হচ্ছে সব গ্রাহককে বিমার আওতায় নিয়ে আসা। এ জন্য তাঁরা একটি বৈশ্বিক ও আরেকটি স্থানীয় বিমা কোম্পানির সঙ্গে এরই মধ্যে চুক্তি করেছেন।
সবশেষে প্রশ্ন ছিল, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গ্রামীণফোনের ব্যবসায় কি প্রভাব পড়েছে? তিনি স্বীকার করেন, প্রভাব পড়েছে, তবে তা খুব বেশি নয়। তিনি এ সময় বলেন, ‘আমরা দীর্ঘমেয়াদি বিনিয়োগকারী। আমরা বাংলাদেশের মৌলিক সূচকের ওপর নির্ভর করে কৌশল নির্ধারণ করি। আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে একটি ভালো নিয়ন্ত্রণমূলক পরিবেশ।’