সঠিক নেতৃত্ব ব্যবসাজগতে সাফল্য আনবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায় জগতে নতুন নতুন ধারণার জন্ম দিয়ে এবং সেসব ধারণার কার্যকর বাস্তবায়ন ঘটিয়ে তরুণ প্রজন্মই পারে বাংলাদেশকে বদলে দিতে। একইভাবে সঠিক নেতৃত্ব এবং সেই নেতৃত্বের মাধ্যমে সঠিক পদক্ষেপ গ্রহণ করা হলে আগামী চার-পাঁচ বছরের মধ্যেই বাংলাদেশের ব্যবসায় জগতে ব্যাপক সাফল্য আসবে। যে সাফল্য নির্ধারণ করে দিতে পারে বাংলাদেশের পরবর্তী ৫০ বছরের অর্জন। রাজধানীর স্থানীয় একটি হোটেলে গতকাল শনিবার বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত দ্বিতীয় নেতৃত্ববিষয়ক সম্মেলনে বক্তারা এসব আশাবাদ ব্যক্ত করেছেন। করপোরেটে রূপান্তরিত হয়ে বাংলাদেশেরই রূপান্তর ঘটানোর আহ্বান জানানো হয়েছে দিনব্যাপী এ সম্মেলনে। ‘যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ’ ছিল সম্মেলনের মূল প্রতিপাদ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ব্যবসায় উপদেষ্টা রাম চরণ, নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের কেলগ স্কুল অব ম্যানেজমেন্টের অ্যামেরিটাস ডিন দীপক সি জেইন, যুক্তরাজ্যের গণমাধ্যমের ব্যক্তিত্ব ও ইন্সপায়ার্ড লিডারস নেটওয়ার্কের (আইএলএন) প্রধান নির্বাহী কর্মকর্তা রেনে ক্যারায়ল এবং সিঙ্গাপুরের বিজনেস থিংকিং সিস্টেমস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও সিঙ্গাপুরের লাইফ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যালেন জে পাথ পাথমারাজাহ সম্মেলনে পৃথক চারটি প্রবন্ধ উপস্থাপন করেন। এ ছাড়া তাঁরা প্যানেল আলোচনায় অংশ নেন। এবারের নেতৃত্ব সম্মেলনে এই চার বিশিষ্ট ব্যক্তি ছিলেন অন্যতম প্রধান আকর্ষণ।সম্মেলনে বলা হয়, স্বাধীনতার তিন যুগ পেরিয়ে গেলেও ব্যবসায়িক দিক থেকে বাংলাদেশের সাফল্যের একটি অবস্থান তৈরি হয়েছে মাত্র এক যুগ ধরে। রাজনৈতিক অস্থিতিশীলতা, প্রাকৃতিক দুর্যোগ, এমনকি বৈশ্বিক মন্দার সময়ও বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার পাঁচ থেকে ছয় শতাংশের মধ্যেই থেকেছে। এটি অবশ্যই আশার জায়গা। আরও বলা হয়, বৈশ্বিক মন্দা এশিয়ার অন্য দেশের মতো বাংলাদেশের জন্যও উন্মোচন করেছে বাড়তি সুযোগের দ্বার। কিন্তু এ সুযোগ গ্রহণ করতে হলে জানতে হবে। দেশি-বিদেশি করপোরেট প্রতিষ্ঠান এবং এখনো যেসব প্রতিষ্ঠান করপোরেট নয়, সেগুলোকে করপোরেটে রূপান্তরিত হয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। শুধু সঠিক নয়, গ্রহণ করতে হবে যুগান্তকারী পদক্ষেপ। এ জন্য অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করতে হবে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের। নেতৃত্ব সম্মেলন ২০১০-এর প্রধান পৃষ্ঠপোষক ছিল গ্রামীণফোন। এ ছাড়া সম্মেলন পার্টনার রহিমআফরোজ, নলেজ পার্টনার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), স্ট্র্যাটেজিক পার্টনার আইবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ব্যাংকিং পার্টনার ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল), আইসিটি পার্টনার এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড, টেকনিক্যাল পার্টনার এসএসডি টেক, মিডিয়া পার্টনার চ্যানেল আই এবং পিআর পার্টনার কনসিটো পি আর। উদ্যোক্তা, ব্যবসায়িক নেতা, শিক্ষাবিদ এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি), মহাব্যবস্থাপক, বিভাগীয় প্রধান পর্যায়ের ৪৫০ ব্যবসায়ী ব্যক্তিত্ব সম্মেলনে অংশ নেন। এতে চারটি প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি দুটি প্যানেল দিনব্যাপী আলোচনা অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্যানেল আলোচনায় অংশ নেন ইবিএলের এমডি আলী রেজা ইফতেখার, জেমকন গ্রুপের পরিচালক কাজী আনিস আহমেদ, রহিমআফরোজ গ্রুপের পরিচালক নিয়াজরহিম প্রমুখ। সম্মেলন থেকে বাংলাদেশ কী প্রত্যাশা করে—এ বিষয়ে শুরুতেই বক্তব্য দেন ব্র্যান্ড ফোরামের উপদেষ্টা ও সিঙ্গাপুরের সাচি অ্যান্ড সাচির আঞ্চলিক পরিকল্পনা পরিচালক তোফায়েল রশীদ এবং সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক গ্রামীণফোনের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ রায়হান শামসী। ব্র্যান্ড ফোরামের প্রধান উপদেষ্টা সৈয়দ ফারহাত আনোয়ার এতে সমাপনী বক্তব্য দেন।দীপক জেইন তাঁর প্রবন্ধে বলেন, ব্যবসায়ে নেতৃত্বের ভার নিতে হবে নতুন প্রজন্মকে। তাঁরাই ব্যবসায় জগতে উদ্ভাবনের পরিবেশ তৈরি ও নিত্যনতুন ধারণার জন্ম দেবে। প্রাচ্যের কোনো ব্র্যান্ড পণ্য সহজেই পাশ্চাত্যের বাজারে স্থান করে নিতে পারে বলে মন্তব্য করেন তিনি। দীপক জেইন আরও বলেন, ব্যবসায় জগতে নেতৃত্বের একটি অন্যতম অংশ হলো সুশাসন। কিন্তু স্বচ্ছতা ও বিশ্বস্ততার ঘাটতির কারণে সুশাসন ব্যাহত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকৃত সাফল্যের পেছনে বেসরকারি খাত নয় বরং উদ্যোক্তা শ্রেণীর অবদান বেশি বলে মনে করেন দীপক জেইন। ব্যবসায় সাফল্যের জন্য সঠিক নেতৃত্ব এবং সেই নেতৃত্বে চার ‘এফ-তত্ত্ব’ জরুরি বলে মত দেন এলেন জে. পাথমারাজাহ। এগুলো হচ্ছে—ফ্রেন্ডলি-বন্ধুবৎসল, ফ্র্যাঙ্ক-খোলামেলা, ফ্রন্ট-গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া এবং ফ্লেক্সিবল-নমনীয়। এ ছাড়া সততা, আনুগত্য এবং একাগ্রতাকেও ব্যবসায় নেতৃত্বের অন্য তিন গুণ বলে উল্লেখ করেন তিনি। নেতৃত্ব বিষয়ে পাথমারাজাহ আরও বলেন, আজকের বেঁচে থাকা মানুষের ওপর যে নেতৃত্ব, তার প্রভাব পড়বে অজানা ভবিষ্যতের ওপরও। রেনে ক্যারায়ল বলেন, নেতৃত্বকে শিল্প বলা যেতে পারে। তবে ব্যবস্থাপনা ও নেতৃত্ব এক কথা নয়। নেতৃত্ব ব্যবস্থাপনার মধ্যে শক্তি জাগিয়ে তুলে—যাতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায় এমনকি স্বপ্ন দেখতেও সহায়তা করে। ক্যারায়ল বলেন, প্রতিষ্ঠানকে ভালোভাবে চালিয়ে নিয়ে যায় পারফরমেন্স, তবে এতে মূল্য যোগ করে নেতৃত্ব।দলগত পদক্ষেপ ও সংস্কৃতির উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করেন রাম চরণ। তিনি বলেন, কেউই তাঁর সংস্কৃতিকে চাপিয়ে বা দমিয়ে রাখতে পারে না। সাফল্যের জন্য তাই সাংস্কৃতিক মান উন্নত হওয়া জরুরি।