সঠিক ভোটার তালিকার ভিত্তিতে বিজিএমইএর নতুন নির্বাচন দাবি
তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক মালিক সমিতির (বিজিএমইএ) গত রোববার অনুষ্ঠিত নির্বাচনকে অন্যায়, অবৈধ ও বেআইনি উল্লেখ করেছে নির্বাচন বর্জনকারী প্রতিদ্বন্দ্বী প্যানেল ও সংগঠনের আওতাভুক্ত ব্যবসায়ীদের একটি গোষ্ঠী ফোরাম। ফোরাম অবিলম্বে অনুষ্ঠিত নির্বাচন বাতিল করে সঠিক ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে নতুনভাবে নির্বাচনের দাবি করেছে। তারা বলেছে, তাদের দাবি মানা না হলে তারা আইনি লড়াই করবে।রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল সোমবার ফোরাম নেতারা এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বিজিএমইএ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ফোরাম প্যানেলের দলনেতা আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ, ফোরাম নেতা মাহমুদুর রহমান মান্না, ফেরদৌস পারভেজ বিভন, এম এ সালাম উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, বরাবরের মতো বিজিএমইএ নির্বাচনে এবারও সমিতিকেন্দ্রিক দুটি ব্যবসায়িক গোষ্ঠী ফোরাম ও সম্মিলিত পরিষদ ২৭টি পদের প্রত্যেকটির জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিল। সম্মিলিত পরিষদের নেতৃত্ব দিয়েছেন বিজিএমএর বর্তমান সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। আর ফোরামের নেতৃত্ব দিচ্ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ। নির্বাচনে সম্মিলিত পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী হয়।কিন্তু ভোটার তালিকা না থাকার অভিযোগে ফোরাম গত ১৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে সংবাদপত্রে বিজ্ঞপ্তি পাঠিয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। অবশ্য এর আগেই ফোরাম দুই দফা সংবাদ সম্মেলনের মাধ্যমে বিজিএমইএ নির্বাচন কমিশন ও বর্তমান পরিচালনা পর্ষদের বিরুদ্ধে গুরুতর পক্ষপাতিত্বের অভিযোগ আনে। উল্লেখ্য, এর আগে ২৪ ফেব্রুয়ারি বিজিএমইএর নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু ১৯ ফেব্রুয়ারি বিজিএমইএর নির্বাচন কমিশন প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের সঙ্গে আলোচনা করে ভোটার তালিকা সংশোধনের উদ্যোগ নেয়। তবে তা ঠিকমতো করা হয়নি বলে ফোরাম অভিযোগ তোলে।সংবাদ সম্মেলনে গতকাল পারভেজ অভিযোগ করেন, ৫৮ ভাগ ভোটারের উপস্থিতি দেখানো হলেও প্রকৃত ভোটারের উপস্থিতি ছিল আরও কম। তিনি বলেন, ‘বহিরাগতদের নিয়ে ব্যালট পেপারে সিল দিয়ে এটা দেখানো হয়েছে, যা মূল্যবোধবিবর্জিত।’এই নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আপিল বোর্ডের কাছে এবং শিল্প ও বণিক সমিতি ফেডারেশন এফবিসিসিআইয়ের কাছে নিয়মমাফিক আবেদন করেছি। বাণিজ্য মন্ত্রণালয়কেও বিষয়টি অবহিত করেছি।’পারভেজ বলেন, তাঁরা বিজিএমইএর সম্মান ও ভাবমূর্তির দিকে তাকিয়ে কোনো রকম মামলায় যাননি। তিনি বলেন, ‘এটা এখন দিনের আলোর মতো স্পষ্ট যে, এই নির্বাচনে শঠতা, কারচুপি ও জালিয়াতির মাধ্যমে বর্তমান বিজিএমইএ পর্ষদ তার ভাবমূর্তি ধূলিসাৎ করেছে।’ ফোরাম এই ভাবমূর্তি পুনরুদ্ধার ও রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।এক প্রশ্নের জবাবে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমরা সরকারকে দায়ী করছি না। কিন্তু কর্মকাণ্ডের মধ্যে যদি সরকার দায়ী হয়ে থাকে, তাহলে আমাদের কোনো দায় নেই।’ মান্না আরও বলেন, এমন পরিস্থিতি এড়ানো যেত। বাণিজ্যমন্ত্রী বললেন, ২০ তারিখেই নির্বাচন হতে হবে। আর এক দিনের মধ্যেই তিনি কোম্পানিগুলোর নিবন্ধকের কার্যালয় থেকে ৭১১টি ফাইল যাচাই করিয়ে আনবেন। কিন্তু তারপরের তিন দিনই তো সরকারি বন্ধ। তাহলে কীভাবে পরবর্তী কাজগুলো হবে? পারভেজ বলেন, ‘আমরা ১৮ তারিখ রাতে নির্বাচন কমিশনের কাছে ভোটার তালিকা চাইলাম, তিনি দিতে পারলেন না। বললেন, তালিকা হয়নি। তাহলে কাদের কাছে আমরা নির্বাচনের জন্য ভোট চাইব।’ অপর প্রশ্নের জবাবে মান্না বলেন, ‘বিজিএমইএ দৈনন্দিন যেসব কাজ আছে করবে, আমরা সেখানে কোনো বাধা দেব না। আমরা শুধু আইনগতভাবে লড়াই চালিয়ে যাব।’