ধাপে ধাপে ট্রানজিটের অংশ হিসেবে প্রথমে সড়কপথ বেছে নেওয়া হয়েছে। আর নৌপথ ব্যবহার করে ভারতকে ট্রানজিট দেওয়ার সুযোগ রয়েছে সেই ১৯৭২ সাল থেকেই। এটি আরও বিস্তৃত করা হচ্ছে।
সড়কপথে ট্রানজিটের অংশ হিসেবে সম্প্রতি বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে পণ্য ও যাত্রীবাহী যান চলাচলের চুক্তি হয়। এ পথটি চালু হলে বাংলাদেশের পণ্য ও যাত্রীবাহী বাস-ট্রাক ভারতের ভূখণ্ড হয়ে নেপাল ও ভুটানে যেতে পারবে। আবার নেপাল ও ভুটানের পণ্যও যাত্রীবাহী বাস-ট্রাকও একই পথে বাংলাদেশে আসতে পারবে। তবে এ যান চলাচল চুক্তির মাধ্যমে কলকাতা থেকে বাংলাদেশের ভূখণ্ড হয়ে ত্রিপুরার আগরতলায় পণ্য নেওয়ায় বেশি আগ্রহী ভারত। কারণ, এতে দূরত্ব ও সময় কমবে।
চলতি মাসের প্রথম সপ্তাহে সড়কপথে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে ঢাকা হয়ে ত্রিপুরার আগরতলায় পণ্যের পরীক্ষামূলক চালান গেছে। কলকাতা থেকে শিলিগুড়ি, আসাম, মেঘালয়, করিমগঞ্জ হয়ে আগরতলা যেতে সড়কপথে ১ হাজার ৫৬০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। সময় লাগে আট দিন বা ১৯২ ঘণ্টা। আর কলকাতা-ঢাকা-আগরতলা পথে যেতে দূরত্ব এক হাজার কিলোমিটার কমে হয়েছে ৫৫৯ কিলোমিটার। পরীক্ষামূলক চালানটি গেছে মাত্র ৫১ ঘণ্টায়।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আগামী জানুয়ারি মাস থেকে এ পথটি নিয়মিত করা হতে পারে। এর আগেই মাশুল নির্ধারণ করা হবে। ইতিমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে শুল্ক বিভাগের সেবা বাবদ টনপ্রতি ১৩০ টাকা, প্রতি কিলোমিটার সড়কপথের জন্য এক টনে এক টাকা দুই পয়সা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া জ্বালানি, পরিবেশ মাশুলসহ বিভিন্ন ধরনের মাশুলও আরোপ হতে পারে।
এ যান চলাচল চুক্তির আওতায় ১৩ নভেম্বর চার দেশের মধ্যে মোটর শোভাযাত্রা ভারতের ভুবনেশ্বর থেকে শুরু হয়েছে। এ মোটর শোভাযাত্রাটি নেপাল হয়ে ভুটানের রাজধানী থিম্পু যাবে। এরপর আবার তা আসামের ত্রিপুরা হয়ে বিলোনিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এরপর চট্টগ্রাম ও ঢাকা হয়ে তা কলকাতায় যাবে।
অন্যদিকে ১৯৭২ সাল থেকেই নৌ প্রটোকলের মাধ্যমে বাংলাদেশের নৌপথ ব্যবহার করে ভারতের ট্রানজিট নেওয়ার সুযোগ রয়েছে। তবে বাংলাদেশের মধ্য দিয়ে আসাম ও মেঘালয়ে যাওয়ার জন্য নৌপথটি ব্যবহারে কখনোই খুব একটা আগ্রহী ছিল না ভারত। তবে ২০১২ সালে ত্রিপুরার পালাটানা বিদ্যুৎকেন্দ্রে ভারী যন্ত্রাংশ মানবিক কারণ দেখিয়ে কলকাতা থেকে নৌপথে আশুগঞ্জ, পরে সড়কপথে আশুগঞ্জ থেকে আখাউড়া হয়ে আগরতলায় নেয় ভারত। এরপর থেকে নৌ প্রটোকলের আওতায় এ বহুমাত্রিক পথটি ব্যবহারে আগ্রহী হয়ে ওঠে দেশটি। একটি পরীক্ষামূলক চালানও গেছে এ পথে। ভারত এখন এ পথ ব্যবহারে মাশুল দিতে রাজি। এ জন্য আশুগঞ্জে নৌবন্দরে অবকাঠামো নির্মাণ করা হয়েছে।
নয়াদিল্লিতে গতকাল সোমবার থেকে শুরু হওয়া দুই দেশের নৌসচিব পর্যায়ের সভায় মাশুল ও পণ্য পরিবহনের পদ্ধতি নির্ধারণের কথা রয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে নৌপথে প্রতি টন পণ্য পরিবহনে সব মিলিয়ে ১৯২ টাকা ২২ পয়সা মাশুল ও সেবা ব্যয় নির্ধারণের প্রস্তাব করছে বাংলাদেশ। এ পথটি ব্যবহার করলে অপেক্ষাকৃত কম খরচে ভারত পণ্য নিতে পারবে।
তবে নৌ প্রটোকলের আওতায় ভারতের নৌপথ ব্যবহার করার কোনো সুযোগ বাংলাদেশের নেই।
নৌপথে পণ্য নিতে আগ্রহী ভুটানও। গত জুলাই মাসে দুই দেশের শুল্ক-সংক্রান্ত যৌথ দলের সভায় বাংলাদেশ অনাপত্তি দিয়েছে। তবে নৌ ও সড়কের সমন্বয়ে এ পথটিও বহুমাত্রিক হবে। এ-সংক্রান্ত প্রটোকলের প্রক্রিয়া চলছে বলেও নৌ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
ভুটানের সীমান্ত শহর ফুয়েন্টসলিং থেকে কালজানি নদী কিংবা আরেক সীমান্ত শহর গেলেফু থেকে মানস নদ ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলেছে। ব্রহ্মপুত্র নদ ভারতের আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রামের চিলমারী-রৌমারী সীমান্তে প্রবেশ করেছে। আর নৌপথে বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই পণ্য আনা-নেওয়া সম্ভব। এ নৌপথেই ভুটান বাণিজ্য করতে চায়। তবে ভুটানের সীমান্ত থেকে থিম্পু কিংবা অন্য কোনো শহরে পণ্য নিতে হলে সড়কপথই ভরসা।