সততা লালনে সিএদের আরও যত্নশীল হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আইন ও নিয়ন্ত্রণের মাধ্যমে সততা সৃষ্টি করা যায় না। সততা হচ্ছে ব্যক্তিগত সম্পদ। এ সম্পদ লালনের ব্যাপারে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের (সিএ) আরও যত্নশীল হওয়ার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।প্রধানমন্ত্রী আরও বলেন, আর্থিক প্রশাসন এবং অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে সুষ্ঠু, জবাবদিহি অপরিহার্য এবং উন্নয়ন কর্মকাণ্ডে আর্থিক শৃঙ্খলা বিধানে সরকার বদ্ধপরিকর।সরকারি অর্থের হিসাবের জবাবদিহি, শৃঙ্খলা ও নিরীক্ষার জন্য সরকারের দিক থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের কষ্টার্জিত অর্থের অপচয় আমি ব্যক্তিগতভাবে কোনো সময় বরদাশত করিনি এবং ভবিষ্যতেও করব না।’গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আন্তর্জাতিক সম্মেলন, ২০১১-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।এ সম্মেলনের প্রতিপাদ্য ‘টেকসই উন্নয়নের জন্য সর্বোচ্চ চর্চা ও প্রতিবেদন’। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) সভাপতি এ এন র‌্যামান। আইসিএবির সভাপতি পারভীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সম্মেলন আয়োজক কমিটির সভাপতি ও আইসিএবির সাবেক সভাপতি শেখ এ হাফিজ এবং ধন্যবাদ বক্তব্য দেন আইসিএবির সহসভাপতি শাহাদত হোসেন।শেখ হাসিনা বলেন, ‘বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের ইতিহাস হত্যা, লুটপাট, মানি লন্ডারিং, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দেশকে অন্ধকার যুগে নিয়ে যাওয়ার ইতিহাস। আমরা সেই অন্ধকার থেকে আলোর পথে এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ফিরে এসেছি। কিন্তু গণতন্ত্রের সাফল্যের জন্য প্রয়োজন বলিষ্ঠ ও গতিশীল অর্থনীতি।’এ জন্য সব শ্রেণী-পেশার মানুষকে উদ্যোগী হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, ব্যাংক, কর প্রশাসন, বিদেশি বিনিয়োগ ও পুঁজিবাজারের সংস্কার করতে পারলে জাতীয় প্রবৃদ্ধি আরও বাড়বে।’প্রধানমন্ত্রী বলেন, হিসাববিজ্ঞান ও নিরীক্ষা পেশার সঙ্গে অর্থনীতির ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে। বিশেষ করে, স্বচ্ছতা, জবাবদিহি ও সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই পেশাজীবীদের অবদান অনস্বীকার্য। তাদের প্রতিবেদনের মাধ্যমেই ফুটে ওঠে একটি প্রতিষ্ঠানের আয়-ব্যয়, দায় ও সম্পদের খতিয়ান।চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আপনাদের ওপর যাতে মানুষের আস্থার সংকট না হয়, সে ব্যাপারে সচেতন থাকতে হবে।’প্রধানমন্ত্রী আরও বলেন, এ দফায় সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণের আগের সাত বছর অব্যবস্থাপনা ও জবাবদিহির অভাবে দেশের অর্থনীতি নাজুক অবস্থায় ছিল। অনেকগুলো সংস্কারমূলক পদক্ষেপ হাতে নেওয়ায় অতিদ্রুত ঘুরে দাঁড়ায় অর্থনীতি। শুরু থেকে এখন পর্যন্ত অবশ্য বিশ্বমন্দা মোকাবিলা করতে হচ্ছে।জাতীয় অর্থনীতিকে সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করানোর পাশাপাশি দারিদ্র্য দূর করাই সরকারের মূল লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ইতিমধ্যে দারিদ্র্যের হার ৪০ থেকে ৩১ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে। ২০২১ সালের মধ্যে এই হার ১৫ শতাংশে নামিয়ে আনতে চাই।’গ্রামীণ অর্থনীতি যেকোনো সময়ের চেয়ে ভালো আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সাধারণ মানুষের আয় বেড়েছে। বিনিয়োগ পরিস্থিতি ভালো। বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রেও আশাব্যঞ্জক সাড়া পাওয়া যাচ্ছে। যেসব সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করছি, তার ফলাফল আসতে শুরু করেছে। পুরো ফলাফল পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।’অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ১৯৭৩ সালে প্রতিষ্ঠার পর থেকে আইসিএবি হিসাববিজ্ঞান পেশায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের আর্থিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেও ইতিবাচক ভূমিকা পালন করছে আইসিএবি।উদ্বোধনী অনুষ্ঠানের পর গতকাল দিনব্যাপী ছয়টি কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হয়।