সতর্ক করা হল দুই স্টক এক্সচেঞ্জের শীর্ষ কর্মকর্তাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে দেশের দুই স্টক এক্সচেঞ্জের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সতর্ক করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বুধবার বিএসইসির কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও), তালিকাভুক্তি বিভাগের প্রধান ও বাজার অপারেশন বিভাগের প্রধানকে সতর্ক করা হয়। শেয়ারবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ার ও সামিট পূর্বাঞ্চল পাওয়ারের একীভূতকরণকে কেন্দ্র করে নেওয়া কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে দুই স্টক এক্সচেঞ্জের শীর্ষ কর্মকর্তারা সিকিউরিটিজ আইন লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছেন বলে বিএসইসি জানিয়েছে।

এ ছাড়া সামিট পাওয়ার, সামিট পূর্বাঞ্চল পাওয়ার, সামিট উত্তরাঞ্চল পাওয়ার ও সামিট নারায়ণগঞ্জ পাওয়ারের একীভূতকরণের ক্ষেত্রে প্রথমে বিএসইসির নির্দেশনা ও হাইকোর্টের রায় যথাযথভাবে পরিপালন না করায় তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ারকেও সতর্ক করা হয়।

এদিকে বিএসইসির গতকালের সভায় আইএফআইসি ব্যাংকের অধিকারমূলক বা রাইট শেয়ারের অনুমোদন দেওয়া হয়। ব্যাংকটি বিদ্যমান একটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করবে। ১০ টাকা অভিহিত মূল্যে বা ফেসভ্যালুতে এ শেয়ার বিক্রি করে ব্যাংকটি বাজার থেকে প্রায় ৫৬৪ কোটি টাকা সংগ্রহ করবে। সংগৃহীত টাকায় ব্যাসেল-৩-এর আওতায় ব্যাংকটির মূলধন ভিত্তি শক্তিশালী করবে।

এ ছাড়া আইপিডিসি ফিন্যান্সের ৩০০ কোটি টাকার অরূপান্তরযোগ্য জিরো কুপন বন্ডেরও অনুমোদন দেওয়া হয় বিএসইসির গতকালের সভায়। এ বন্ড ৫ বছরের মেয়াদ শেষে পরিপূর্ণভাবে অবসায়িত হবে। বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।