সদস্যদের ভোট ছাড়াই এবারও বিকেএমইএর নেতা নির্বাচিত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর নেতা নির্বাচনে এবারও ভোটের সুযোগ পাচ্ছেন না সদস্যরা। কারণ, ৩৫টি পরিচালক পদের বিপরীতে সংগঠনের বর্তমান সভাপতি এ কে এম সেলিম ওসমানের নেতৃত্বাধীন সম্মিলিত নিট ফোরামের সমানসংখ্যক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিকেএমইএ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রোববার ও সোমবার সম্মিলিত নিট ফোরামের ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। গতকাল তাঁরা মনোনয়নপত্র জমা দেন। অর্থাৎ ৩৫টি পদের বিপরীতে সমানসংখ্যক প্রার্থী থাকায় ২০২১-২৩ সাল মেয়াদে সংগঠনের পরিচালনা পর্ষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছে সম্মিলিত নিট ফোরাম।

জানা গেছে, সেলিম ওসমান আবারও সভাপতি হচ্ছেন। ২০১০ সাল থেকে বিকেএমইএর সভাপতি পদে রয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের এই সাংসদ। নতুন কমিটিতে নির্বাহী সভাপতি হতে পারেন মোহাম্মদ হাতেম। গত আগস্ট মাসে এই পদ সৃষ্টি করা হয়।

আগামী ১২ নভেম্বর ভোট গ্রহণের কথা ছিল। তবে সেটির প্রয়োজন পড়বে না। আগামী রোববার বৈধ প্রার্থী তালিকা প্রকাশের দিনই সম্মিলিত নিট ফোরামের ৩৫ প্রার্থী নির্বাচিত হয়ে যাবেন। পরে তাঁরা একজন করে সভাপতি ও নির্বাহী সভাপতি এবং সাতজন সহসভাপতি নির্বাচিত করবেন।