সনদ ছাড়া এমএলএম ব্যবসা নয়
সরকারের নিবন্ধন সনদ ছাড়া এখন থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বহুস্তর বিপণনপদ্ধতি মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কার্যক্রম পরিচালনা করতে পারবে না। সনদ ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ ধরনের কার্যক্রম চালালে তার বিরুদ্ধে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। গত মঙ্গলবার এ-সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়েছে।
বর্তমানে জাতীয় সংসদের অধিবেশন না থাকায় জনস্বার্থে রাষ্ট্রপতি এ অধ্যাদেশ জারি করেন। এতে বলা হয়েছে, বর্তমানে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান এ ধরনের কার্যক্রমের সঙ্গে যুক্ত, আগামী ৯০ দিনের মধ্যে তাদের সনদের জন্য আবেদন করতে হবে।
যদিও এ-সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ আইন মন্ত্রিসভার অনুমোদনের পর সংসদে পাস হওয়ার অপেক্ষায় রয়েছে।
এ অবস্থায় তাড়াহুড়া করে অধ্যাদেশ প্রণয়নের প্রয়োজনীয়তার বিষয়ে জানতে চাইলে বাণিজ্যসচিব মাহবুব আহমেদ প্রথম আলোকে বলেন, ‘অনেক সময় আইন করতে কিছুটা সময় লাগে। এ অবস্থায় যদি এক মাস আগেও মাল্টিলেভেল মার্কেটিং কার্যক্রমের সঙ্গে যুক্ত কোম্পানিগুলোকে আইনের আওতায় আনা হয়, তাহলে সেটি ভালো না? এ-সংক্রান্ত আইনও হবে। কিন্তু তার আগে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণের মধ্যে আনার প্রয়োজনীয়তা মনে হওয়ায় এ অধ্যাদেশ জারি করা হয়েছে।’
নতুন এ অধ্যাদেশে বলা হয়েছে, বহুস্তর বিপণনপদ্ধতির আওতায় পিরামিডসদৃশ বিক্রয় কার্যক্রম চালানো যাবে না। এমনকি অবস্তুগত বা অলীক পণ্য এবং সময়ের ধারাবাহিকতা বা পর্যায়ক্রমিক প্রক্রিয়াকরণের মাধ্যমে ভবিষ্যতে বিপণনযোগ্য হবে এমন কোনো পণ্য বা সেবা বিপণন করা যাবে না।
নতুন এ অধ্যাদেশের আওতায় সংঘটিত অপরাধসমূহকে আমলযোগ্য ও জামিন অযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। সেসঙ্গে প্রয়োজনে বহুস্তর বিপণন কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানে এক বা একাধিক প্রশাসক নিয়োগেরও বিধান রয়েছে।
বহুস্তর বিপণন কার্যক্রমের আওতায় সুনির্দিষ্ট আট ধরনের পণ্য বা সেবা বিপণন কার্যক্রম চালানো যাবে।
বহুস্তর বিপণন কার্যক্রম পরিচালনার জন্য সরকারের কাছ থেকে সনদ পাওয়ার আগে আগ্রহী ব্যক্তিদের কোম্পানি আইনের অধীনে আলাদা কোম্পানি গঠন করতে হবে। প্রতিটি সনদের মেয়াদ হবে সর্বোচ্চ এক বছর। সুনির্দিষ্ট ও যুক্তিসংগত কারণে সনদ বাতিলের বিধানও সংযোজিত রয়েছে অধ্যাদেশে।
অধ্যাদেশে আরও বলা হয়েছে, মোড়কজাত ছাড়া এ পদ্ধতিতে কোনো পণ্য বিক্রি করা যাবে না। মোড়কের গায়ে অবশ্যই পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও দেশের নাম, ওজন, পরিমাণ ও ব্যবহার বিধি, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণ তারিখ বা ওয়ারেন্টি বা গ্যারান্টির মেয়াদ, পণ্যের গুণগত মানসংক্রান্ত তথ্য উল্লেখ করতে হবে। এ বিধান লঙ্ঘনের জন্য সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড এবং দুই লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।
পাশাপাশি বাসায় বাসায় বা বাড়িতে বাড়িতে গিয়ে পণ্য বা সেবা বিক্রিকে নিরুৎসাহিত করা হয়েছে। বাসা বা বাড়িতে গিয়ে কাউকে পণ্য বা সেবা কেনার জন্য বাধ্য করা হলে সে ক্ষেত্রে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড এবং এক লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
অধ্যাদেশে আরও বলা হয়েছে, বহুস্তর বিপণন কার্যক্রমের আওতায় এমন কোনো পণ্য বা সেবা বিক্রি করা যাবে না, যার বাস্তব কোনো উপস্থিতি নেই। যদি সেটা করা হয় সে ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড এবং ২০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।