সনাতনী উৎপাদনব্যবস্থা থেকে বের হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজার সম্প্রসারণে সহায়তা দেওয়াসংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা ক্যাটালিস্টের প্রকল্প পরিচালক ওয়াল্টার হর্ন বলেছেন, ২০০২-০৭ সাল পর্যন্ত ক্যাটালিস্ট প্রায় দুই লাখ কর্মসংস্থান সৃষ্টি করেছে। এর পাশাপাশি ক্যাটালিস্ট সাত লাখ কৃষক এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাকে মানসম্পন্ন পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে সহায়তা করেছে।ওয়াল্টার হর্ন বলেন, কৃষিসহ অন্যান্য খাতের উৎপাদনব্যবস্থা সনাতনী পন্থা থেকে বের করতে না পারলে বাংলাদেশের পক্ষে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা দুরূহ হবে। কেননা বিভিন্ন দেশের মধ্যে উন্নত পণ্য উৎপাদনের প্রতিযোগিতা বাড়ছে। এ জন্য বাংলাদেশের হাজার হাজার কৃষক ও উদ্যোক্তাকে উন্নত উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এ ছাড়া বাজারজাতকরণের বিষয়টিও নিশ্চিত করতে হবে।ক্যাটালিস্ট কার্যালয়ে গত মঙ্গলবার প্রথম আলোকে এ কথা জানান ওয়াল্টার হর্ন। তিনি বলেন, বাংলাদেশের প্রান্তিক কৃষককে মানসম্পন্ন পণ্য উৎপাদন ও উন্নত বাজারজাতকরণ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করার জন্য ক্যাটালিস্ট কাজ করছে। এই কার্যক্রমের ফলে কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং প্রান্তিক কৃষকের আয়ও বাড়ছে। এত দিন কৃষকেরা তাদের উৎপাদিত পণ্যের প্রকৃত দাম পেত না, তাদের জীবনযাত্রার মানের পরিবর্তন হতো না। বাংলাদেশে কাজের ধরন প্রসঙ্গে ওয়াল্টার হর্ন বলেন, এ মুহূর্তে মানসম্পন্ন শাকসবজি, ভুট্টা, মাছ, আলু, পাট উৎপাদনে কাজ করছে ক্যাটালিস্ট। এমনকি এসব পণ্যের উৎপাদন বাড়াতে উন্নত সার, বীজ, সেচব্যবস্থা নিশ্চিত করে কৃষককে সহায়তা দেওয়া হচ্ছে।ওয়াল্টার হর্ন জানান, ক্যাটালিস্ট নিজের কাজের ক্ষেত্র নির্বাচন করতে গিয়ে সংশ্লিষ্ট এলাকার কী পরিমাণ দরিদ্র মানুষ এসব পণ্য উৎপাদনে জড়িত, পণ্যের মান উন্নয়নে কতটা সম্ভাবনা রয়েছে এবং উৎপাদন ব্যবস্থাপনায় স্থায়ী কাঠামোগত পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কি না—এসব বিষয় বিশ্লেষণ করেছে। এ ছাড়া সরকারের নীতিমালায় কোন কোন ক্ষেত্রগুলোকে প্রাধান্য দিচ্ছে সেই বিষয়টিও বিবেচনায় রাখা হয়।কাজের ক্ষেত্রে সফলতা বিষয়ে ওয়াল্টার হর্ন বলেন, বাজারের সঙ্গে কৃষিপণ্য উৎপাদকের সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের সঙ্গে কাজ করছে ক্যাটালিস্ট। কৃষি উৎপাদন ও বাজার ব্যবস্থাসংক্রান্ত যেকোনো তথ্য প্রাপ্তির জন্য চালু করা হয়েছে ‘জিজ্ঞাসা ৭৬৭৬’ নামে হেল্পলাইন। প্রতি মাসে প্রত্যন্ত অঞ্চলের হাজার হাজার কৃষক এখন এই নম্বরে ফোন করে কৃষিসংক্রন্ত তথ্য পাচ্ছেন। কৃষক তাঁর পণ্যের বাজার দর ও চাহিদা সম্পর্কে ধারণা পাচ্ছেন, একই পণ্য পরবর্তী মৌসুমে উৎপাদন করবেন কি না সেই সিদ্ধান্তও নিতে পারছেন তাঁরা। দেখা গেছে, হেল্পলাইনে ফোন করে ৯০ শতাংশ কৃষক তথ্য পেয়ে সন্তুষ্ট হয়েছেন আর ৪৫ শতাংশ কৃষক তথ্যের জন্য পুনরায় ফোন করেছেন।ওয়াল্টার হর্ন আরও জানান, বৃহত্তর রংপুর ও দিনাজপুর জেলায় প্রায় ২৫টি প্লটে উন্নত জাতের তেলাপিয়া মাছ উৎপাদন প্রকল্প চলছে। শত শত কৃষককে উন্নতজাতের তেলাপিয়া উৎপাদনের প্রশিক্ষণসহ অন্যান্য আনুষঙ্গিক সহায়তা দেওয়া হয়েছে। এ কার্যক্রমে ক্যাটালিস্টকে সহায়তা করছে স্পেকট্রা হেক্সা ফিডস লিমিটেড, আফতাব বহুমুখী ফার্ম লিমিটেড ও জেলা মৎস্য সমিতি। এই প্রকল্পের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার কৃষকের আয় বেড়েছে। এ ছাড়া চাহিদা মেটানোর পর বাড়তি তেলাপিয়া মাছ বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হয়েছে।ওয়াল্টার হর্ন বলেন, বাজারজাতকরণ-ব্যবস্থা উন্নত করতে হলে প্রথমে সনাতনী ধারা বদলাতে হবে। বাংলাদেশের উৎপাদন খাতে অনেক সম্ভাবনাময় ক্ষেত্র রয়েছে, যা সঠিকভাবে কাজ করছে না। এসব খাত উন্নয়নে সরকারের দর্শনও একটি বিষয়। দেখতে হবে সরকার এসব খাতের উন্নয়ন চায় কি না। তবে কৃষি, সেবাসহ সম্ভাবনাময় খাতগুলোর ওপর সরকারের নিয়ন্ত্রণ অপেক্ষাকৃত কম থাকাই ভালো। উন্নত বিশ্বে এসব খাতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।