সন্ত্রাসে অর্থায়ন রোধে সতর্ক থাকুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে যাতে সন্ত্রাসী কর্মকাণ্ডের অর্থ স্থানান্তরিত না হয়, সে জন্য ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সজাগ থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি রেমিট্যান্সের প্রকৃত সুবিধাভোগীর তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংক শাখাগুলো আইনকানুন সঠিকভাবে পরিপালন করছে কি না, তা যাচাই করে অক্টোবরের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে প্রয়োজনে ব্যাংকের পরিচালনা পর্ষদকেও যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় ব্যাংকের এমডিদের ডেকে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত মঙ্গল ও গতকাল বুধবার ৫৬ ব্যাংকের এমডিদের সঙ্গে বিশেষ এ সভার আয়োজন করে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সভায় ব্যাংকগুলোর প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলনকক্ষে অনুষ্ঠিত দুই দিন সভায় সভাপতিত্ব করেন ডেপুটি গভর্নর ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান আবু হেনা মোহা রাজী হাসান। প্রথম দিনে ২৮ ব্যাংক ও পরের দিন বাকি ২৮ ব্যাংকের সঙ্গে সভা করে কেন্দ্রীয় ব্যাংক।
দুই দিনের সভায় বিএফআইইউর পক্ষ থেকে বলা হয়, সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সব ধরনের আইন যথাযথভাবে মেনে চলতে হবে। গ্রাহকের পূর্ণাঙ্গ পরিচিতি (কেওয়াইসি) থাকতে হবে ও লেনদেন প্রোফাইল মেনে সঠিকভাবে চলতে হবে। ব্যাংকের প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাকে অন্য কাজের চেয়ে মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কাজে বেশি মনোযোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়। এসব কাজে এখন থেকে এমডি, প্রয়োজনে পরিচালনা পর্ষদকে যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়। শাখাগুলোকে নগদ লেনদেন তথ্য দিনে দিনে ও সন্দেহজনক লেনদেন তথ্য তাৎক্ষণিক কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে বলা হয়।
এ ছাড়া রেমিট্যান্সের সুবিধাভোগীর তথ্য যাচাই করে বিতরণের নির্দেশ দেওয়া হয়। হঠাৎ বেশি পরিমাণ রেমিট্যান্স এলে তা বিতরণ না করে যাচাই করার নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া আমদানির আড়ালে অর্থ পাচার রোধে সতর্ক থাকতে বলা হয়। আইন পরিপালন হচ্ছে কি না, তা বিশেষ টিমের মাধ্যমে শাখা পরিদর্শন করে আগামী অক্টোবর মাসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে প্রতিবেদন জমা দিতে বলা হয়।
বিএফআইইউর একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় ব্যাংকগুলোকে সতর্ক ও সজাগ রাখতেই এ আয়োজন। মূলত আইনকানুনগুলো তাদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। কী কী নিয়ম মানা হচ্ছে তা জানতে ব্যাংকগুলোকে একটি তালিকা দেওয়া হয়েছে। এসব তথ্য পাওয়ার পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাংকগুলোর ঝুঁকি রেটিংয়ে সাম্প্রতিক সময়ে অবনতি ঘটেছে। কী কী কারণে রেটিং খারাপ হচ্ছে এখন থেকে তা এমডিদের জানানো হবে। আগে বিষয়টি গোপন রাখত কেন্দ্রীয় ব্যাংক।
বৈঠকে অংশ নেওয়া একাধিক এমডি প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক এখন নিজেই উদ্যোগী হয়ে আমাদের সঙ্গে খোলামেলা আলোচনা করছে। আগে নির্দেশনা দেওয়া ছাড়া অন্য কোনো কার্যক্রম ছিল না। আমাদের কম দুর্বলতা এত দিন গোপন রাখার চেষ্টা ছিল, এখন নিজেই তা তুলে ধরতে চাইছে।’
বৈঠকের বিষয়ে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) ভাইস চেয়ারম্যান ও ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক আমাদের সতর্ক ও সজাগ থাকার নির্দেশ দিয়েছে। যাতে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে সন্ত্রাসে অর্থায়ন না হয়।’