সন্দ্বীপ চ্যানেলে বন্দর নির্মাণের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে পণ্য আনা-নেওয়ার জন্য একটি ছোট আকারের বন্দর বা কনটেইনার টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রকল্পটির প্রাথমিক সম্ভাব্যতা সমীক্ষা কার্যক্রম শেষ করেছে চট্টগ্রাম বন্দর। কারিগরি ও অর্থনৈতিক সমীক্ষা সম্পন্ন হলেই সীতাকুণ্ড ও মিরসরাইয়ের মাঝামাঝি সন্দ্বীপ চ্যানেলে এ বন্দর বা টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হবে।
চট্টগ্রাম বন্দরে চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল গতকাল বুধবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান। তিনি বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সভায় বন্দরের সার্বিক কার্যক্রমের ওপর বড় পর্দায় একটি প্রতিবেদন তুলে ধরেন প্রতিষ্ঠানটির পর্ষদ সদস্য জাফর আলম। বন্দরের শহীদ মো. ফজলুর রহমান মুনশি মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
বন্দর চেয়ারম্যান বলেন, ‘সারা দেশে ১০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ফেনী এবং চট্টগ্রামের মিরসরাই ও আনোয়ারার অর্থনৈতিক অঞ্চল তিনটি চট্টগ্রাম বন্দরের কাছে। সে জন্য ফেনী ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চলকে কেন্দ্র করে সেখানে বন্দর নির্মাণ সম্ভব কি না, তা জানাতে সরকার নির্দেশনা দিয়েছিল। আমরা প্রাক-সম্ভাব্যতা শেষ করেছি। এতে সীতাকুণ্ড ও মিরসরাইয়ের মাঝামাঝি দুটো স্থান বাছাই করা হয়েছে। সেখানে একটি মধ্যম আকারের বন্দর বা টার্মিনাল নির্মাণের বিষয়ে চিন্তাভাবনা করছি। এ জন্য ২৬ থেকে ৪০ কিলোমিটার দীর্ঘ নৌপথ তৈরি করতে হবে।’
এম খালেদ ইকবাল বলেন, কারিগরি ও অর্থনৈতিক সমীক্ষা হলেই টার্মিনাল বা বন্দর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া যাবে। এটি হলে চট্টগ্রাম বন্দরের ওপরও চাপ কমবে।
বন্দর চেয়ারম্যান জানান, পতেঙ্গার অদূরে প্রস্তাবিত বে টার্মিনালের প্রথম ধাপের কাজ ২০২৩ সালে শেষ করার পরিকল্পনা থাকলেও তা ২০২১ সালের মধ্যেই শেষ করা হবে। সম্ভাব্যতা সমীক্ষার জন্য আগামী ১৭ আগস্ট পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হবে।
খালেদ ইকবাল বলেন, গত ১০ বছরে নানা কারণে নিউমুরিং টার্মিনালের জন্য জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর যন্ত্র গ্যান্ট্রি ক্রেন কেনা সম্ভব হয়নি। সহসা এসব ক্রেন কিনতে এ মাসেই দরপত্র ডাকা হবে। অন্যান্য যন্ত্রপাতি ক্রয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে। সব মিলিয়ে আনুমানিক ১ হাজার ২০০ কোটি টাকার যন্ত্রপাতি কেনা হবে। 
মতবিনিময় সভায় বন্দরের পর্ষদের সদস্যসহ ১৫টি বিভাগের প্রধানেরা উপস্থিত ছিলেন।