সন্ধান মেলেনি গুজব চক্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে গুজব ছড়িয়ে জিবিবি পাওয়ার ও বেক্সিমকো লিমিটেডের শেয়ারের দাম বাড়ানোর সঙ্গে জড়িত কারসাজি চক্রের কোনো সন্ধান পায়নি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বৃহস্পতিবার বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসি সূত্রে জানা যায়, মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জিবিবি পাওয়ার ও বেক্সিমকোর শেয়ারের দাম বাড়ানো হচ্ছে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখতে গত ৩০ ডিসেম্বর দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন: বিএসইসির পরিচালক প্রদীপ কুমার বসাক ও রাজিব আহমেদ। পরে এ কমিটি পুনর্গঠন করা হয়। নতুন কমিটিতে পরিচালক প্রদীপ কুমার বসাকের পরিবর্তে উপপরিচালক মো. ফখরুল ইসলাম মজুমদারকে দায়িত্ব দেওয়া হয়।

বিএসইসি সূত্রে জানা যায়, তদন্ত কমিটির পক্ষ থেকে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। গত ছয় মাসের বেশি সময় ধরে বিষয়টি নিয়ে তদন্ত করা হয়। কিন্তু যেসব মুঠোফোন নম্বর থেকে এ ধরনের এসএমএস পাঠানো হয়েছিল, তাঁদের ঠিকানা সঠিক না থাকায় কাউকেই খুঁজে বের করা সম্ভব হয়নি বলে জানা যায়।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিএসইসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, ‘মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়ে বিনিয়োগকারীদের মধ্যে গুজব ছড়ানো ব্যক্তিদের চিহ্নিত করতে কাজ করেছে বিএসইসি। যেসব নম্বর থেকে এ ধরনের এসএমএস পাঠানো হয়েছিল, সেসব মুঠোফোন নম্বরের মালিকদের ঠিকানা বিটিসিএলর মাধ্যমে বের করার চেষ্টা করা হয়েছে। সিমকার্ড কেনার সময় চক্রান্তকারীরা ভুল বা অসত্য তথ্য দেয়ায় এখন কাউকেই খুঁজে বের করা সম্ভব হচ্ছে না।’