সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের নিবন্ধন বাতিল
নির্ধারিত সময়ে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর আবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় একটি মিউচুয়াল ফান্ডের নিবন্ধন বাতিল করা হয়েছে। গত মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৪৯৯তম সভায় নিবন্ধন বাতিলের এ সিদ্ধান্ত হয়।
বিএসইসি জানিয়েছে, কমিশনের ৩৬২তম সভায় সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড নামে একটি মিউচুয়াল ফান্ডের নিবন্ধন দেওয়া হয়। এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স অ্যাসেট ম্যানেজমেন্ট এ ফান্ডের সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে ছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ফান্ডটি আইপিওর জন্য কমিশনের কাছে প্রস্তাব জমা দিতে ব্যর্থ হয়।
নিয়ম অনুযায়ী, নিবন্ধন পাওয়ার তিন মাসের মধ্যে কমিশনের কাছে আইপিও প্রসপেক্টাস জমা দিতে হয়। অন্যথায় কমিশনের কাছে সময় বাড়ানোর আবেদন করতে হয়। কিন্তু ফান্ডটির ব্যবস্থাপকেরা দুটির কোনোটিই সময়মতো করেননি। এ কারণে কমিশন ফান্ডটির নিবন্ধন বাতিল করেছে।