সন্ধানী লাইফ মিউচুয়াল ফান্ড ও পদ্মা ইসলামী লাইফ শেয়ার ছাড়ছে
দেশের পুঁজিবাজারে শেয়ার ছাড়তে যাচ্ছে পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।এদিকে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড সম্প্রতি ২০০ কোটি টাকার একটি মিউচুয়াল ফান্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠান দুটি আলাদা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি শেয়ার ছাড়ার লক্ষ্যে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডকে ইস্যু ম্যানেজার হিসেবে নিযুক্ত করেছে। এ ব্যাপারে উভয় প্রতিষ্ঠানের মধ্যে গতকাল মঙ্গলবার একটি চুক্তি হয়েছে।ইউনিয়ন ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন এম নাসির এবং পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহা. গোলাম রব্বানী চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান এ টি এম রফিক ও ভাইস চেয়ারম্যান এ এফ এম ওবায়দুর রহমান এবং ইউনিয়ন ক্যাপিটালের চেয়ারম্যান কাজী গোলাম রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সচিব মুশফিক উল কাইয়ুমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অন্যদিকে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের এক সভায় সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে ২০০ কোটি টাকার একটি মিউচুয়াল ফান্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এটির নাম হচ্ছে ‘সন্ধানী লাইফ মিউচুয়াল ফান্ড’। এ ফান্ডের প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা।