সপ্তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা কাল শুরু
চার দিনব্যাপী সপ্তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা শুরু হচ্ছে কাল বৃহস্পতিবার। এবারের মেলায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ৩৫০টি স্টল থাকবে। ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই মেলা বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) এবং তাইওয়ানের চান চো ইন্টারন্যাশনাল করপোরেশন লিমিটেড যৌথভাবে আয়োজন করছে। প্লাস্টিক মেলা উপলক্ষে গতকাল মঙ্গলবার বিপিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিপিজিএমইএর সভাপতি সামিম আহমেদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় যন্ত্রপাতি, মোল্ড, কাঁচামাল উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠানসহ দেশে ব্যবহূত বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো অংশ নেবে। এতে বাংলাদেশ, চীন, ভারত, তাইওয়ান, ভিয়েতনাম, সিঙ্গাপুর, কোরিয়া, তুরস্ক, ইতালিসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠান তাদের নতুন নতুন পণ্য নিয়ে আসবে। গতবারের মেলায় দেশি-বিদেশি ১৬২টি প্রতিষ্ঠানের ২৫২টি স্টল ছিল। তখন ৪০ লাখ ডলারের স্পট অর্ডার পাওয়া গেছে।