সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তম পাঁচসালা বা পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১৬ থেকে ২০২১ সালের জন্য এই পরিকল্পনা তৈরি করা হবে। এই পরিকল্পনাসংক্রান্ত খসড়া দলিল প্রস্তুতের জন্য বিষয়ভিত্তিক ২৮টি পটভূমি (ব্যাকগ্রাউন্ড) সমীক্ষা করা হবে। আগামী নভেম্বর মাসের মধ্যে এসব সমীক্ষা চূড়ান্ত হবে। আর আগামী এক বছরের মধ্যে এই দলিলটি চূড়ান্ত করা হবে। এই পরিকল্পনা দলিল তৈরিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে ইতিমধ্যে একটি অর্থনীতিবিদ প্যানেল গঠন করা হয়েছে। বর্তমানে ২০১১-১৫ মেয়াদের ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন চলছে। এদিকে গতকাল বৃহস্পতিবার সপ্তম পাঁচসালা পরিকল্পনা প্রণয়নের জন্য গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত সভায় অংশ নেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, পরিকল্পনাসচিব ভুইয়া সফিকুল ইসলাম, সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম প্রমুখ।