সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আগ্রহ নেই ব্যবসায়ীদের!
সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়ায় সম্পৃক্ত হতে ব্যবসায়ীদের আগ্রহ নেই। অন্তত গতকাল পরিকল্পনা কমিশনের আমন্ত্রণে সাড়া দেওয়ার মাত্রা দেখে এমনটাই মনে করা যেতে পারে। ব্যবসায়ীদের মত নেওয়ার জন্য দেশের বড় বড় বাণিজ্য সংগঠনকে (অ্যাসোসিয়েশন) আমন্ত্রণ জানানো হলেও অধিকাংশ সমিতির প্রতিনিধি আসেননি।
সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নে গতকাল বুধবার এ মতবিনিময় সভায় অর্ধশতাধিক সমিতিকে আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানায় পরিকল্পনা কমিশন। কিন্তু গতকাল ৮-১০টি সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা অর্ধশতাধিক সমিতিকে এই আলোচনায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। তবে উপস্থিতি অনেক কম ছিল। সব সমিতির প্রতিনিধিরা এলে তাঁদের মতামত পাওয়া যেত। আর তাঁদের মতামত খসড়া পরিকল্পনার দলিলে অন্তর্ভুক্ত করা হতো।’
যোগাযোগ করা হলে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি জাহাঙ্গীর আলামিন প্রথম আলোকে বলেন, ‘ঢাকার বাইরে থাকায় সভায় যেতে পারিনি। সমিতির শীর্ষনেতৃবৃন্দও ঢাকার বাইরে ছিল।’ তবে তিনি মনে করেন, এসব সভায় ব্যবসায়ীদের যাওয়া উচিত। কেননা আগামী দিনগুলোয় বাংলাদেশের মতো মুক্তবাজার অর্থনীতিতে শিল্পায়ন ও বাণিজ্য কেমন হবে, সে সম্পর্কে ব্যবসায়ী-শিল্পপতিরাই ভালো বলতে পারবেন।
এদিকে গতকালের সভাটিও ছিল অনেকটা দায়সারা গোছের। বেলা তিনটায় সভা শুরুর পর কয়েকজন বক্তব্য দেওয়ার পর পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল নিজেই জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিতে চলে যান। অবশ্য তিনি এ জন্য উপস্থিত অংশগ্রহণকারীদের কাছে দুঃখ প্রকাশ করেন। এরপর শামসুল আলমের সভাপতিত্বে মাত্র দুজন ব্যবসায়ী প্রতিনিধি বক্তব্য দেন।
আলোচনা: এর আগেও এ ধরনের বেশ কয়েকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন। সেসব সভার শুরুতে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার একটি উপস্থাপনা দেওয়া হতো। গতকালের সভায় কোনো উপস্থাপনা দেওয়া হয়নি।
সভায় বাংলাদেশ ফিনিশড লেদার অ্যান্ড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তাহের বলেন, বিশ্ববাজারে চামড়াশিল্পের ২২০ বিলিয়ন ডলারের বাণিজ্য রয়েছে। বাংলাদেশ মাত্র এক বিলিয়ন ডলার রপ্তানি করে। তিনি জানান, বিদেশি ক্রেতারা শর্ত দিয়েছেন, হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারিশিল্প স্থানান্তর না করলে তাঁরা চামড়া ও পাদুকা—কোনো কিছুই কিনবেন না। এই অবস্থায় সরকারি সহায়তা ছাড়া এ শিল্পকে টিকিয়ে রাখা কঠিন হবে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) যুগ্ম সম্পাদক মোস্তফা জামালের মতে, তথ্যপ্রযুক্তি (আইটি) শিল্পের প্রধান কাঁচামাল হলো মানবসম্পদ। দেশে বছরে তিন লাখ শিক্ষার্থী স্নাতক ডিগ্রি পাচ্ছেন। ২০১৮ সালের লক্ষ্য হলো, বছরে ১০ লাখ শিক্ষার্থী এ ডিগ্রি পাবেন। সফটওয়্যারের স্থানীয় বাজার উন্নয়নে তেমন কোনো অগ্রগতি হয়নি। এ জন্য সরকারি সহযোগিতা ও প্রণোদনা পেলে শিল্পটি দ্রুত এগিয়ে যাবে।
বাংলাদেশ অ্যালুমিনিয়াম ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ওবায়দুর রহমানের মতে, ‘রপ্তানি পণ্য বহুমুখীকরণের দিকে নজর দিতে হবে। চীন এ শিল্পে বিশ্বে প্রথম স্থানে রয়েছে। সরকার এ শিল্পে প্রণোদনা বাড়ালে আমরা চীনের পরেই যেতে পারি।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ৩০ বছর আগে সারা বিশ্বে শহরে বাস করত ৩০ ভাগ মানুষ, এখন তা ৫৪ শতাংশে দাঁড়িয়েছে। ২০৫০ সালে তা ৬৮ ভাগে দাঁড়াবে। এ বিষয়টি মাথায় রেখেই পরিকল্পনা প্রণয়ন করতে হবে।
মন্ত্রী মত দেন, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে গেলে দেশে বিদ্যমান ব্যাংকঋণের সুদহার কমাতে হবে। ঋণ ও আমানতের সুদের হারের পার্থক্য কিছুতেই ৩ শতাংশের বেশি হওয়া উচিত নয়। ব্যাংকঋণ নিয়ে অনেক অসাধু ব্যবসায়ী খেলাপি হওয়ায় ব্যাংকগুলো এখন ঋণ বিতরণে আস্থা পাচ্ছে না। অন্যদিকে পুঁজিবাজার শক্তিশালী না হওয়ায় বিনিয়োগ পরিস্থিতি উন্নতি হচ্ছে না।