সপ্তাহ ঘুরতেই সোনার মূল্য বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিশ্ববাজারে অব্যাহতভাবে মূল্যবৃদ্ধির কারণে দেশের বাজারেও এক সপ্তাহের ব্যবধানে সোনা ও রুপার দাম আবার বাড়তে যাচ্ছে। এবারে প্রতি ভরি সোনার দাম বাড়বে ১ হাজার ২২৫ টাকা। ফলে ক্রেতাদের ভালো মানের এক ভরি সোনা কিনতে ৪৪ হাজার ৯৬৫ টাকা খরচ করতে হবে।
তবে আজ শুক্রবার পর্যন্ত আগের দাম ৪৩ হাজার ৭৪০ টাকাতেই সোনা ও ৯৯২ টাকায় রুপা পাওয়া যাবে। কাল শনিবার থেকে নতুন দর কার্যকর হবে। এ ছাড়া রুপার দাম ভরিপ্রতি ৫৮ টাকা বেড়ে ১ হাজার ৫০ টাকা হবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গতকাল বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সোনা ও রুপার দাম বাড়ার বিষয়টি জানায়।
বাজুস গত শনিবারও সোনার দাম ভরিতে ১ হাজার ২২৫ টাকা বাড়িয়েছিল। চলতি বছরে এ নিয়ে তৃতীয়বারের মতো সোনা ও রুপার দর বাড়ছে। গত জানুয়ারির শুরুতে সোনার ভরি ছিল ৪১ হাজার ২৯০ টাকা। অর্থাৎ দেড় মাসের ব্যবধানে তিন দফায় প্রতি ভরিতে বাড়ছে ৩ হাজার ৬৭৫ টাকা।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৪ হাজার ৯৬৫ টাকা, ২১ ক্যারেট ৪২ হাজার ৮৬৫ টাকা ও ১৮ ক্যারেট ৩৬ হাজার ২১৭ টাকায় বিক্রি হবে। আর সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরির দাম পড়বে ২৫ হাজার ১৩৬ টাকা।
এদিকে দেশের সব জুয়েলারি দোকানেই আজ পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৩ হাজার ৭৪০ টাকা, ২১ ক্যারেট ৪১ হাজার ৬৪১ টাকা, ১৮ ক্যারেট ৩৪ হাজার ৯৯২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ২৩ হাজার ৯১২ টাকায় বিক্রি হবে।
জানতে চাইলে জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক খান প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক বাজারে সোনার দাম যে হারে বেড়েছে তাতে ১ হাজার ২২৫ টাকার বাইরে আরও ৮৫০ টাকা বাড়ানো প্রয়োজন ছিল। কিন্তু একসঙ্গে ততটা না বাড়ানোর বিষয়ে একটি নীতিগত সিদ্ধান্ত আছে সমিতির পরিচালনা পর্ষদের।
এদিকে ওয়েবসাইট থেকে জানা যায়, বাংলাদেশের স্থানীয় সময় গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স (২.৪৩ ভরি) সোনার দর ১ হাজার ২২৮ থেকে ১ হাজার ২৩৪ মার্কিন ডলারে ওঠানামা করছিল, যা বাংলাদেশের ৯৮ হাজার ২৪০ থেকে ৯৮ হাজার ৭২০ টাকার মতো (প্রতি ডলার ৮০ টাকা ধরে)। এতে প্রতি ভরির দাম পড়ে ৪০ হাজার ৪২৭ থেকে ৪০ হাজার ৬২৫ টাকা।
এর আগে ৪ ফেব্রুয়ারি বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল ১ হাজার ১৪৭ মার্কিন ডলার। এ বছরের শুরু থেকেই সোনার দরে ঊর্ধ্বমুখী প্রবণতা চলছে। এতে বাজারসংশ্লিষ্ট-ব্যক্তিরা বলছেন, এবার গোটা বছরজুড়েই সোনার ভালো সময় যাবে। তাই ‘সেফ হ্যাভেন’ বা ‘নিরাপদ বিনিয়োগ’ খ্যাত সোনায় বিনিয়োগকারীদের মুখে হাসি থাকবে।
বাজুসের সাধারণ সম্পাদক বলেন, বিশ্ববাজারে আগামী সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম যদি ১ হাজার ২৩০ মার্কিন ডলারের ওপরে থাকে তাহলে দেশে সোনার দাম আবারও বাড়ানো ছাড়া কোনো উপায় থাকবে না।