সপ্তাহ জুড়ে অস্থির শেয়ারবাজার
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে বেশ অস্থির অবস্থা দেখা গেছে। সপ্তাহের লেনদেন হওয়া চার কার্যদিবসের মধ্যে দুই দিন চাঙাভাব লক্ষ করা গেলেও অন্য দুই দিন দরপতনের ঘটনা ঘটে। এ ছাড়া গত সপ্তাহে ডিএসইর ইতিহাসে সর্বোচ্চ দরপতনের ঘটনা ঘটে। একই সঙ্গে গত সপ্তাহে সাধারণ সূচক, বেশির ভাগ শেয়ারের দাম, আর্থিক লেনদেন ও বাজার মূলধন কমেছে।ডিএসই সূত্রে জানা যায়, গত রোববার সাপ্তাহিক লেনদেনের শুরুতে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২৮৪ দশমিক ৭৭ পয়েন্ট কমে ৮২৯৫ দশমিক ৪১ পয়েন্টে দাঁড়ায়; যা ডিএসইর ইতিহাসে সর্বোচ্চ দরপতন। পরদিন সোমবার সাধারণ সূচক ৩৩ পয়েন্ট বাড়ে। মঙ্গলবারও সূচকের ঊর্ধ্বগতি অব্যাহত থাকে। তবে গতকাল বুধবার সূচক আগের দিনের চেয়ে ১৪৮ দশমিক ৬৬ পয়েন্ট কমে ৮২০৬ দশমিক ১৭ পয়েন্টে দাঁড়িয়েছে।ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা যায়, গত সপ্তাহে সাধারণ মূল্যসূচক চার দশমিক ৩৬ শতাংশ বা ৩৭৪ দশমিক শূন্য তিন পয়েন্ট কমে যায়। সপ্তাহের শুরুতে সাধারণ মূল্যসূচক ছিল ৮৫৮০ দশমিক ২০ পয়েন্ট, যা এক সপ্তাহের লেনদেন শেষে দাঁড়ায় ৮২০৬ দশমিক ১৭ পয়েন্টে।একই সময়ে আর্থিক লেনদেন গড়ে প্রতিদিন ৩২ দশমিক ২৪ শতাংশ কমে প্রতিদিন এক হাজার ৫৭২ কোটি টাকা করে হয়েছে। গত সপ্তাহে মোট লেনদেন হয়েছে ছয় হাজার ২৮৯ কোটি টাকা। গতকাল গত তিন মাসের মধ্যে সবচেয়ে বেশি লেনদেন কমেছে। এদিন লেনদেন হয়েছে এক হাজার ২৬৯ কোটি টাকা।এদিকে সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল তিন লাখ ৫৭ হাজার ৯৪০ কোটি টাকা, যা সপ্তাহ শেষে তিন দশমিক ৬৩ শতাংশ কমে তিন লাখ ৪৪ হাজার ৯৫৮ কোটি টাকায় দাঁড়ায়।এদিকে গত সপ্তাহে বেশির ভাগ শেয়ারের দাম কমেছে। এ সময় লেনদেন হওয়া মোট ২৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ২০৪টির এবং অপরিবর্তিত রয়েছে মোট দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।গত সপ্তাহে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—ইউসিবিএল, বেক্সিমকো, আফতাব অটোমোবাইল, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, শাইনপুকুর সিরামিক, এবি ব্যাংক, এনবিএল, তিতাস গ্যাস, লংকাবাংলা ফিন্যান্স ও সাউথইস্ট ব্যাংক।সমাপনী মূল্যের ভিত্তিতে গত সপ্তাহে দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—মুন্নু স্টাফলারস, সাভার রিফ্রাক্টরিজ, ফার্মা এইড, প্রথম বাংলাদেশ শিল্পঋণ সংস্থা, প্রাইম ফিন্যান্স প্রথম মিউচুয়াল ফান্ড, সোনালী আঁশ, ষষ্ঠ আইসিবি মিউচুয়াল ফান্ড, ফিনিক্স ফিন্যান্স প্রথম মিউচুয়াল ফান্ড, গ্রামীণ ১ স্কিম ২ মিউচুয়াল ফান্ড ও জেমিনি সি ফুড। সমাপনী মূল্যের ভিত্তিতে দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ ১০টি প্রতিষ্ঠান হলো—স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স, রূপালী ইনস্যুরেন্স কোম্পানি, প্যারামাউন্ট ইনস্যুরেন্স, এমবি ফার্মা, এশিয়া প্যাসিফিক জেনারেল ইনস্যুরেন্স, ডেল্টা স্পিনার্স, অগ্রণী ইনস্যুরেন্স, গ্লোবাল ইনস্যুরেন্স, সোনার বাংলা ইনস্যুরেন্স ও প্রভাতী ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।