পুরো সপ্তাহ জুড়ে শেয়ারবাজারে মিশ্রভাব বিরাজ করেছে। গত শনিবার ডিএসই ও সিএসইর সংবাদ সম্মেলন এবং রোববার প্রতিষ্ঠানের প্রকৃত সম্পদমূল্যের (এনএভি) শেয়ারের বিপরীতে ঋণ বিতরণসংক্রান্ত মামলার রায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) পক্ষে যাওয়ায় এর সুস্পষ্ট প্রভাব পড়ে বাজারে। গত রোববার ডিএসইতে দরপতন হয়। এদিন ডিএসইতে সাধারণ মূল্যসূচক কমে যায় ১৮৭ পয়েন্ট। তবে সোমবার বাজার আবার ঘুরে দাঁড়ায়। সাধারণ মূল্যসূচকের ঊর্ধ্বমুখী এ প্রবণতা অক্ষুণ্ন থাকে বুধবার পর্যন্ত। কিন্তু সপ্তাহের শেষ কর্মদিবস, গত বৃহস্পতিবার ডিএসইর সূচক কমে যায় ২০ পয়েন্ট।ডিএসই সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে সাধারণ মূল্যসূচক ১২ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে যায়। সপ্তাহের শুরুতে সাধারণ মূল্যসূচক ছিল ৭৪৮০ দশমিক ৩৪ পয়েন্ট। যা এক সপ্তাহের লেনদেন শেষে দাঁড়ায় ৭৪৯২ দশমিক ৮৩ পয়েন্টে। এ হিসাবে এক সপ্তাহে সূচক বেড়েছে মাত্র শূন্য দশমিক ১৭ শতাংশ।গত সপ্তাহে আর্থিক লেনদেন গড়ে প্রতিদিন ১৯ দশমিক ৪৪ শতাংশ কমে এক হাজার ৯৯১ কোটি টাকা করে হয়েছে। এ ছাড়া গত সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল তিন লাখ ২৪ হাজার ৩৯৬ কোটি টাকা। যা সপ্তাহ শেষে শূন্য দশমিক ৪৭ শতাংশ বেড়ে তিন লাখ ২৫ হাজার ৯২৭ কোটি টাকায় দাঁড়ায়।গত সপ্তাহে বেশির ভাগ শেয়ারের দাম কমেছে। এ সময় লেনদেন হওয়া মোট ২৫১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯৬টি প্রতিষ্ঠানের, কমেছে ১৫০টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে মোট তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। তবে দুটি প্রতিষ্ঠানের শেয়ার কোনো লেনদেন হয়নি।গত সপ্তাহে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—সামিট পাওয়ার, প্রিমিয়ার ব্যাংক, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, ওয়ান ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, বেক্সিমকো, স্ট্যান্ডার্ড ব্যাংক, এক্সিম ব্যাংক ও উত্তরা ফিন্যান্স।সমাপনী মূল্যের ভিত্তিতে গত সপ্তাহে দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—সোনারগাঁও টেক্সটাইল, তাকাফুল ইসলামী ইনস্যুরেন্স, আইসিবি, ন্যাশনাল টি, অ্যাপেক্স স্পিনিং, বিডি ওয়েল্ডিং ইলেকট্রডস, মার্কেন্টাইল ইনস্যুরেন্স, ষষ্ঠ আইসিবি মিউচুয়াল ফান্ড, চতুর্থ আইসিবি মিউচুয়াল ফান্ড ও মুন্নু জুটেক্স।সমাপনী মূল্যের ভিত্তিতে গত সপ্তাহে দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ ১০টি প্রতিষ্ঠান হলো—ঢাকা ফিশারিজ, ডেল্টা ব্র্যাক হাউজিং, কেয়া কসমেটিকস, আম্বি ফার্মা, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, কেঅ্যান্ডকিউ, বিএসসি, গ্রামীণ মিউচুয়াল ফান্ড ১, তাল্লো স্পিনিং ও গোল্ডেন সন।