সপ্তাহ শেষে ইউরোর বড় দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব আর্থিক বাজারে গত সপ্তাহটিতে ইউরোপ বড় ধরনের টালমাটালের মধ্য দিয়ে গেছে। বিশেষ করে সপ্তাহ শেষে এসে অভিন্ন মুদ্রা ইউরোর বড় ধরনের দরপতন ঘটেছে। সপ্তাহের শুরুতে গত সোমবার মার্কিন ডলার ও জাপানি ইয়েনের বিপরীতে ইউরোর দর পড়ে যায়। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস নামা এবং গ্রিসের ঋণ পরিশোধের সক্ষমতা নিয়ে শঙ্কার জের ধরে ইউরোর এ দরপতন ঘটে। অবশ্য মঙ্গলবার ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান বেন বার্নানকে অর্থনীতি সচল রাখতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানানোর পর ডলারের বিপরীতে ইউরো গত নয় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায় থেকে উঠে যায়। কিন্তু ইউরোপের দেশগুলোর অর্থনীতির দুরবস্থা নিয়ে শঙ্কাকে সত্য প্রমাণ করতেই যেন রেটিং এজেন্সি ফিচ্ ইতালি ও স্পেনের ঋণমান কমিয়ে দেয় গত শুক্রবার। ফলে আগের চার দিন ধরে মূল্যবৃদ্ধির ধারা ভেঙে ডলারের বিপরীতে ইউরো পড়ে যায়। শুক্রবার প্রতি ইউরো ১ দশমিক ৩৩৮০ ডলার, প্রতি স্টার্লিং ১ দশমিক ৫৫৬৩ ডলার, প্রতি ডলার ৭৬ দশমিক ৭৫ ইয়েন এবং প্রতি ডলার শূন্য দশমিক ৯২৭৪ সুইস ফ্রাঙ্কের কাছাকাছি দরে লেনদেন শেষ করে। সূত্র: সিটিব্যাংক এনএ।