সপ্তাহ শেষে ডিএসইর পিই অনুপাত ১১.৫৪
সপ্তাহ শেষে ডিএসইর সব কটি সূচক ছিল ঊর্ধ্বমুখী। গত সপ্তাহ শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের সপ্তাহের চেয়ে প্রায় সাড়ে ৪ শতাংশ বা ১৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৫৪৩ পয়েন্টে। সে সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহ শেষে ঢাকার বাজারে মোট লেনদেনের পরিমাণ ছিল প্রায় এক হাজার ২৭৯ কোটি টাকা। আগের সপ্তাহের চেয়ে যা ১৩৬ কোটি টাকা বা প্রায় ১২ শতাংশ বেশি। সে সঙ্গে ডিএসইর দৈনিক গড় লেনদেন ছাড়িয়েছে প্রায় ২৫৬ কোটি টাকা। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল প্রায় ২২৯ কোটি টাকা। সপ্তাহ শেষে ঢাকার বাজারে শেয়ারের মূল্য আয় অনুপাত (গড় ভারিত্ব) বেড়ে হয়েছে ১১ দশমিক ৫৪।বাজার-পরিস্থিতি সম্পর্কে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস স্কুল বিভাগের শিক্ষক মোহাম্মদ মূসা প্রথম আলোকে বলেন, ‘বাজারের বিনিয়োগকারীদের মধ্যে রকিবুর রহমানকে ঘিরে এক ধরনের প্রত্যাশা আছে। যেটুকু জানি, সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে রকিবুর রহমানের সুসম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক আর নিজের অভিজ্ঞতা দিয়ে এখন তিনি কতটুকু কী করতে পারেন, তা দেখার জন্য অপেক্ষায় থাকতে হবে। তবে আমি মনে করি, বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে হবে।’ মূসা আরও বলেন, সব মিলিয়ে বাজারে বড় ধরনের দরপতন ঘটার মতো আপাতত কোনো কারণ নেই।