সপ্তাহ শেষে ডিএসইর সব সূচকই বেড়েছে
মূল্যসূচক ও লেনদেনের ঊর্ধ্বগতির একটি সপ্তাহ পার করেছে দেশের দুই শেয়ারবাজার। গত সপ্তাহ শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব কটি সূচকই ছিল ইতিবাচক। সপ্তাহ শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২৪৮ পয়েন্ট বা ৬ দশমিক ১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ২৫৯ পয়েন্টে। একই সঙ্গে লেনদেনও আগের সপ্তাহের চেয়ে বেড়েছে। গত সপ্তাহ শেষে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় এক হাজার ৪৪৬ কোটি টাকায়। আগের সপ্তাহের চেয়ে যা ৫৯৬ কোটি টাকা বা ৭০ শতাংশ বেশি। পাশাপাশি ঢাকার বাজারের দৈনিক গড় লেনদেন আগের সপ্তাহের চেয়ে বেড়ে দাঁড়িয়েছে ২৮৯ কোটি টাকায়। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল প্রায় ২১৩ কোটি টাকা। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত সপ্তাহে শেয়ারবাজারে পাঁচ কার্যদিবস লেনদেন হলেও তার আগের সপ্তাহে চার দিন লেনদেন হয়েছে। এ কারণে গত সপ্তাহে বাজারে লেনদেনের পরিমাণ বেড়েছে। আগের সপ্তাহের মতো গত সপ্তাহেও বাজারে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে ২৭৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২১৬টিরই দাম বেড়েছে, কমেছে ৪২টির আর অপরিবর্তিত ছিল আটটির দাম।গত সপ্তাহে ব্যাংকসহ তালিকাভুক্ত বেশ কয়েকটি কোম্পানি তাদের লভ্যাংশ ঘোষণা করেছে, যা বাজারে শেয়ারের দামের উত্থান-পতনে ভূমিকা রাখে। ডিএসইর তথ্য অনুযায়ী, গত সপ্তাহে সাতটি কোম্পানি লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে পাঁচটিই ব্যাংক। এদিকে, সপ্তাহজুড়ে লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারের দাম বাড়ায় মূল্য আয় অনুপাতও (পিই রেশিও) কিছুটা বেড়েছে। গত সপ্তাহ শেষে ডিএসইতে শেয়ারের মূল্য আয় অনুপাতের গড় ভারিত্ব বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ১৯-এ, যা আগের সপ্তাহের চেয়ে প্রায় পাঁচ শতাংশ বেশি।