সপ্তাহ শেষে সূচক ৫০০০ পয়েন্টের নিচে
দেশের শেয়ারবাজারে আজ বৃহস্পতিবারও দরপতন হয়েছে। এ নিয়ে টানা পাঁচ দিন দরপতন ঘটল শেয়ারবাজারে। এ দিকে দরপতনের কারণে সূচক কমায় প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্যসূচক ৫০০০ পয়েন্টের নিচে নেমে এসেছে। তবে শুরুতে সূচকের অস্থিরতা লক্ষ করা যায়। এ সময় বেশ কয়েকবার সূচক ওঠানামা করে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৯৮.৮৯ পয়েন্ট কমে ৪৯৩২.৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক ৪২ পয়েন্ট বেড়ে যায়। তবে ১০ মিনিটে ১০ পয়েন্ট কমে সূচক। এরপর আবারও সূচক ঊর্ধ্বমুখী হয়ে ২০ মিনিটে ১১ পয়েন্ট বেড়ে যায়। আর ২৫ মিনিটে কমেছিল ৭ পয়েন্ট। তবে ১১টা ৩৫ মিনিটের পর থেকে সূচক কমতে থাকে, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।ডিএসইতে আজ মোট ২৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২০৪টিরই দাম কমেছে। বেড়েছে ৩৯টির আর অপরিবর্তিত রয়েছে ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ২০২ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৭২ কোটি টাকা কম।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো, ইউনাইটেড এয়ার, ফু ওয়াং সিরামিকস, যমুনা অয়েল, গ্রামীণফোন, সিটি ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, উত্তরা ব্যাংক ও ইউসিবিএল।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৫৪ পয়েন্ট কমে ১৪০৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৬টিরই দাম কমেছে। বেড়েছে ২১টির আর অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩০ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে আট কোটি টাকার কম।